সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারকালে ৫ জন উদ্ধার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরীঘাট এলাকায় এ অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ২ বিজিবির অধীনস্থ সী-বীচ বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ লম্বরীঘাট এলাকা দিয়ে কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে। এমন খবরে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

রাত আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে টহল দলটি লম্বরীঘাট এলাকায় ১৫ থেকে ২০ জন ব্যক্তিকে অবস্থান করতে দেখে। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে এগিয়ে আসতে থাকলে বিজিবি সদস্যরা সেটিকে ধাওয়া করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকাটি দ্রুত গভীর সমুদ্রে ফিরে যায় এবং তীরে অপেক্ষমাণ পাচারকারী চক্রের ৫ থেকে ১০ জন সদস্য রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পাঁচজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের সেখানে জড়ো করা হয়েছিল।

উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন— মো. জাহিদুল ইসলাম (২৫), মো. রাকিব হাসান (২২), মো. আব্দুল্লাহ হোসেন (৪৫), মো. আব্দুল গফুর (২১) এবং মো. রিদুয়ান মিয়া (১৯)।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, মানব পাচার ও যেকোনো সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্ত ও উপকূলীয় এলাকায় পাচার রোধে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত