ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখা ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসির ইলেকট্রনিক ব্যাংকিং শাখার কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শাখাটির উদ্বোধন করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ও ফরিদপুর শাখাপ্রধান মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান এবং পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. সিহাবুল ইসলাম।
এ সময় পূবালী ব্যাংকের ফরিদপুর শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা জানান, ব্যাংকিং সেবাকে ডিজিটাল ব্যবস্থাপনায় রূপান্তরের ধারাবাহিকতায় এ শাখা চালু করা হয়েছে। এর ফলে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। নতুন শাখাটি আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম বলেন, পূবালী ব্যাংকের এ উদ্যোগ কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। ডিজিটাল লেনদেনের মাধ্যমে ব্যাংকিং সেবা আরও সহজ ও নিরাপদ হবে বলে তিনি প্রত্যাশা করেন।