জোহানেসবার্গে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানোর পর এবার গ্লাভস হাতেও ইতিহাস গড়লেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের এই টেস্টের প্রথম ইনিংসে ৬টি ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের নতুন রেকর্ড গড়েছেন তিনি। একই সঙ্গে তার সামনে উঁকি দিচ্ছে বিশ্বরেকর্ডে ভাগ বসানোর সুবর্ণ সুযোগ।
ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪০০ রানের জবাবে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩৮৬ রান তুলেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পতন হওয়া এই ৭ উইকেটের মধ্যে ছয়টিই তালুবন্দি করেছেন লিটন। এর মাধ্যমে টেস্টের এক ইনিংসে বাংলাদেশের কোনো উইকেটরক্ষকের সর্বোচ্চ ক্যাচ নেওয়ার একক মালিক বনে গেলেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।
এতদিন টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৫টি ক্যাচ নেওয়ার রেকর্ডটি যৌথভাবে ছিল তিনজনের দখলে। ২০১০ সালে মিরপুরে ভারতের বিপক্ষে এবং ২০১৩ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দুবার এই কীর্তি গড়েছিলেন মুশফিকুর রহিম। এরপর ২০১৭ সালে ওয়েলিংটনে মুশফিক চোট পেলে বদলি কিপার হিসেবে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ক্যাচ নিয়েছিলেন ইমরুল কায়েস। সবশেষ গত অক্টোবরে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ৫ ক্যাচ নিয়ে তাদের পাশে বসেছিলেন লিটন। এবার জোহানেসবার্গে সেই মাইলফলক ছাড়িয়ে সবার ওপরে উঠে এলেন তিনি।
ম্যাচের দ্বিতীয় দিনেই দক্ষিণ আফ্রিকার প্রথম চার উইকেটের তিনটি গ্লাভসবন্দি করে রেকর্ডের আভাস দিয়েছিলেন লিটন। মঙ্গলবার তৃতীয় দিন সকালে বাংলাদেশ দ্বিতীয় নতুন বল নেওয়ার পর বোলারদের তোপে আরও তিনটি ক্যাচ নেন তিনি। তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের বলে ভিয়ান মুল্ডার এবং মার্কো ইয়ানসেনকে ফিরিয়ে দেওয়ার পর হাসান মাহমুদের বলে সাইমন হার্মারের ক্যাচ লুফে নিয়ে ৬ ক্যাচের মাইলফলক স্পর্শ করেন লিটন।
অবশ্য বিশ্বরেকর্ডটি ইতোমধ্যেই হয়ে যেতে পারত লিটনের। দ্বিতীয় দিন বিকেলে হাসান মাহমুদের বলে রায়ান রিকেলটনের একটি ক্যাচ হাতছাড়া না করলে ৭ ক্যাচের চূড়ায় পৌঁছে যেতেন তিনি। আগেই ডান দিকে সরে যাওয়ায় পরে বাম দিকে ঝাঁপিয়েও বলটি নাগালে পাননি তিনি।
তবে সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের আরও ৩টি উইকেট বাকি থাকায় আর মাত্র একটি ক্যাচ নিলেই বিশ্বরেকর্ডে ভাগ বসাবেন লিটন। টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ড রয়েছে পাঁচজনের—পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া ডা সিলভা।
নেইমার কেনো বললেন, ‘স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না’