প্রায় সাড়ে তিনমাস আগে পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়িয়ে পালাতে সক্ষম হয়েছিলেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ‘সন্ত্রাসী মো. রায়হান’। পালিয়ে থাকার মধ্যেই চাঁদা না পেয়ে গত সোমবার রাতে চট্টগ্রামে জাফর আহমদ নামে এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ করে তার সহযোগীরা। এর পরই জাফর আহমদকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেন রায়হান। এ ঘটনার ২৪ ঘণ্টা সময় পার হতে না হতেই এবার গায়ে হাত দিলে সেই হাত টুকরো টুকরো করার হুমকি দিয়েছেন রায়হান।
আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারের জন্য র্দীঘদিন ধরে হন্যে হয়ে খুঁজে ফিরলেও ফেসবুকে সরব আলোচিত এই ‘সন্ত্রাসী’। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হুমকি দিয়ে একটি পোস্ট দেন রায়হান। এতে তিনি লেখেন, ‘আচ্ছা, আপনাদের কি মনে হয়, রায়হানের ছোট ভাইগুলো তোমাদের গালবাজিকে ভয় পায়? ছোট ভাইগুলোকে দূর থেকে হুমকি দিচ্ছেন, দেন। তবে বেশি কাছে আসার চেষ্টা করিয়েন না। পরে আর বাড়ি ফিরতে পারবেন কি না, সন্দেহ আছে।’
এর আগে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নগরের বায়েজিদ বোস্তামী এলাকার ব্যবসায়ী জাফর আহমদের বাসায় গুলি করেন রায়হানের সহযোগীরা। পরে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাকে (জাফর আহমদ) হুমকি দিয়ে রায়হান বলেন, ‘এমনভাবে গুলি করব, ‘পোস্টমর্টেম করা যাবে না।’ পুলিশের জালে না আসা এই ‘সন্ত্রাসীর’ সহযোগীরা চাঁদার জন্য চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানো এবং নিজের ফেসবুকে একের পর এক স্টাটাস দিয়ে হুমকির ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে ফেসবুক স্টাটাসে রায়হান বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলতেছি, আমার ছোট ভাইগুলো আমার পরিবারের মতো। গায়ে হাত দিবে, সেই হাত কেটে টুকরো টুকরো করে বাজারজাত করে দিব।’ রায়হানের হুমকির বিষয়ে জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘পলাতক সন্ত্রাসী রায়হান কত কথা বলবে। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টার কমতি নেই। তবে তার পোস্টে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ তবে কাকে উদ্দেশ করে রায়হান ফেসবুকে হুমকির স্ট্যাটাস দিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে উল্লেখ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, ‘দুর্ধর্ষ সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তাঁর পালানোর কোনো সুযোগ নেই। ধরা তকে পড়তেই হবে।’
জানা গেছে, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত আরেক ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গত ২৯ জুলাই রাতে অভিযান চালিয়ে যশোর থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন মো. রায়হানকে গ্রেপ্তার করতে নোয়াখালীতেও অভিযান চালায় পুলিশ। তবে অভিযানের সময় পালিয়ে যেতে সক্ষম হন রায়হান। এরপর ফেসবুকে আরেকটি স্টাটা দিয়ে নোয়াখালীবাসীকে ধন্যবাদও জানান রায়হান।
তবে আত্মগোপনে থাকার মধ্যেই একের পর এক ফেসবুক স্টাটাস দিয়ে বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিয়ে যাচ্ছেন রায়হান। যে অ্যাকাউন্ট থেকে পোস্ট দেওয়া হচ্ছে, সেটি দীর্ঘদিন ধরে রায়হান ব্যবহার করছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।এর আগে চট্টগ্রামের রাউজানের কদলপুরে রায়হান বাহিনীর সঙ্গে আরেক সন্ত্রাসী গ্রæপের গোলাগুলির ঘটনার পর গত ২১ সেপ্টেম্বর ফেসবুক পোস্টে রায়হান লেখেন, ‘ইতোমধ্যে আমি বিশেষ মাধ্যমে জানতে পেরেছি আমার প্রতিদ্ব›দ্বী গ্রæপগুলো আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে, রাতে ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের মধ্যে থেকে দুজনকে মারতে হবে। এই ঘটনা ঘটানো হতে পারে হয় নোয়ান বাগিচা, না হয় পূর্ব রাউজান এলাকায়।’
গত ২০ আগস্ট আরেক পোস্টে রায়হান লিখেন, ‘... আমার লোকজন জেলহাজতে বন্দী, আমি একা হয়ে গেছি।’ দীর্ঘ স্ট্যাটাসের শেষে তিনি লিখেছেন, ‘ওয়েট অ্যান্ড সি’। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এক সংবাদ সম্মেলনে রায়হানকে উদ্দেশ্য করে কড়া একটি বার্তা দেওয়ার পরের দিন (৩ আগস্ট) ফেসবুক স্ট্যাটাসে রায়হান লেখেন, ‘দোজখ আর জাহান্নামে তফাত কী মাসুদ স্যার? ধন্যবাদ নোয়াখালীর মানুষদের। তারা এমন নিকটভাবে আমার পাশে দাঁড়িয়েছে।’
জানা গেছে, ৩৫ বছর বয়সী রায়হান পড়াশোনা করেছেন তৃতীয় শ্রেণি পর্যন্ত। রায়হান বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারী। একসময় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। তবে পুলিশের দাবি, ছদ্মবেশে চোলাই মদ বিক্রি করতেন তিনি। হত্যাচেষ্টার একটি মামলায় কারাগারে গিয়ে রায়হানের সঙ্গে পরিচয় হয় ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে। ২০২৪ সালের ৫ আগস্টের পর জামিনে বের হয়ে এসে বেপরোয়া হয়ে ওঠেন রায়হান। কথায় কথায় গুলি ছোড়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সাজ্জাদ কারাবন্দী হওয়ার পর থেকে তাঁর অস্ত্রভান্ডারের দেখভাল করছেন এই রায়হান। এদিকে পুলিশ ডেভিড ইমন, ধামা ইলিয়াছসহ একাধিক বাঘা বাঘা সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। ডেভিড ইমনকে বিভিন্ন হত্যা, চাঁদাবাজি, গুলিবর্ষণের মামলায় দফায় দফায় রিমান্ডে এনে তার কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র ভান্ডারের তথ্য বের করতে পারেনি পুলিশ।
যদিও রায়হান এসব অস্ত্র ভান্ডারের রক্ষক। তাকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ এবং হতাশা প্রকাশ করে ভুক্তভোগী ব্যবসায়ী জাফর আহমদ বলেন, ‘রায়হানকে পুলিশ কেন ধরতে পারছে না? তাঁর সহযোগীরা গুলি করছেন, আবার তিনি ফেসবুকেও হুমকি দিয়ে যাচ্ছেন। পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেন তিনি। চাঁদা না পেলে তাঁর সহযোগীরা টার্গেট করা ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন বলেও অভিযোগ পুলিশের। জেলা পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে যুক্ত রায়হান স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট চেনেন। এ কারণে তিনি নিজের অবস্থান গোপন রাখতে পারছেন এবং তাঁকে গ্রেপ্তার করা কঠিন হচ্ছে।
এর আগে ৯ নভেম্বর নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় পাঁচ অস্ত্রধারী প্রকাশ্যে গুলি করেন ইমতিয়াজ সুলতান নামের এক যুবককে। তাঁর কোমর ও পায়ে গুলি লাগে। এ সময় ঘটনাস্থলের পাশের একটি ভবনে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান তিনি। পুলিশের ধারণা, কারাবন্দী ছোট সাজ্জাদের ‘নির্দেশনা’ পেয়ে রায়হানের সহযোগীরা গুলির এ ঘটনা ঘটান। অথচ এখন পর্যন্ত ওই ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।