টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় থানা থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া এবং অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নেতা-কর্মীরা থানার সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশ ও তাঁদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। পরে পুলিশ সদস্যরা সরে গেলে উত্তেজিত নেতা-কর্মীরা থানার ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেন।

এ সময় পুলিশের গুলিতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরবর্তী সময়ে তাঁরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারসংলগ্ন বাড়িতে অগ্নিসংযোগ করেন। আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার খবর পাওয়া গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত