ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিলেন স্ত্রী

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

ময়মনসিংহ নগরীর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান হত্যাকাণ্ডের পর গণপিটুনিতে নিহত মেহেদী হাসানের (৩১) মরদেহ ৩৬ ঘণ্টা পর হাসপাতালের লাশঘর থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ময়নাতদন্ত শেষে বিকেল চারটার পর তাঁর স্ত্রী মীম আক্তার মরদেহ গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার মো. হক বলেন, মেহেদীর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে রাখা ছিল। পরিবারের সদস্যরা আতঙ্কের কারণে মরদেহ নিতে আসছিলেন না। পরে পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দিলে নিহতের স্ত্রী মরদেহ নিতে আসেন। ময়নাতদন্ত শেষে বিকেলে তার কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত মেহেদী হাসান নগরীর মধ্য বাড়েরা মজিদ মার্কেট এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। অন্যদিকে নিহত সুরুজ জামান (৩৫) একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। পাশাপাশি বালুর ব্যবসা এবং ব্যক্তিগত গাড়ি কেনাবেচা ও ভাড়া দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাতটার দিকে সাত বছর বয়সী মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন এলাকায় সুরুজ জামানের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মেহেদী হাসান, জাহাঙ্গীর আলমসহ কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। হামলায় গুরুতর আহত সুরুজকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর রোববার রাতে মেহেদীদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ১২টার দিকে বিক্ষুব্ধ লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে রাত একটার দিকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে মেহেদী বাড়িতে গেলে উত্তেজিত লোকজন তাকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সোমবার ভোর চারটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়।

মেহেদীর স্ত্রী মীম আক্তার গণমাধ্যমকে বলেন, তাদের বাড়ির তিনটি ঘরে আগুন দেওয়া হয়েছে। ঘরে থাকা টাকা-পয়সা ও স্বর্ণালংকারও নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। নিরাপত্তাহীনতার কারণে আত্মীয়স্বজনেরা বাড়ি ছেড়ে চলে গেছেন। এ কারণে ৩৬ ঘণ্টা পর তাঁকেই স্বামীর মরদেহ নিতে আসতে হয়েছে। তিনি বলেন, এখন তার একমাত্র চাওয়া স্বামীর মরদেহ দাফন করা এবং ছোট মেয়েকে নিয়ে বেঁচে থাকা।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, মেহেদীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত