প্রচলিত ব্যাংকের চেয়ে পিছিয়ে ইসলামী ব্যাংকগুলো

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০১:১১ এএম

দেশের ব্যাংক খাতে ইসলামী ব্যাংকিংয়ের পরিধি বাড়লেও আর্থিক সূচকে প্রচলিত ব্যাংকের তুলনায় পিছিয়ে পড়ছে এ খাত। আমানত, বিনিয়োগ ও সম্পদ-সব ক্ষেত্রেই প্রবৃদ্ধির দৌড়ে পিছিয়ে রয়েছে ইসলামী ব্যাংকগুলো। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে প্রবাসী আয় সংগ্রহে। এক বছরের ব্যবধানে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে আসা প্রবাসী আয় কমেছে ৩০ দশমিক ৬৮ শতাংশ। একই সময়ে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় বেড়েছে ১৭ দশমিক ৭৪ শতাংশ। ফলে দেশের মোট প্রবাসী আয়ে ইসলামী ব্যাংকগুলোর হিস্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

শুধু প্রবাসী আয় নয়, আমানত সংগ্রহেও দুর্বলতা দেখা দিয়েছে এ খাতে। বিশেষ করে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে। বিপরীতে প্রচলিত ব্যাংকের ইসলামী শাখা ও উইন্ডোগুলোতে আমানত বাড়ছে। বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির হারেও প্রচলিত ব্যাংকের তুলনায় পিছিয়ে রয়েছে ইসলামী ব্যাংকগুলো। এতে দেশের ব্যাংক খাতে ইসলামী ব্যাংকিংয়ের বাজার হিস্যা ক্রমেই সংকুচিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত মাসিক ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স পরিসংখ্যান, সেপ্টেম্বর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে নভেম্বর ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ইসলামী ও প্রচলিত ব্যাংকগুলোর বিভিন্ন আর্থিক সূচকের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকিং খাতের মোট আমানত দাঁড়িয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৫২০ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এ আমানতের পরিমাণ ছিল ৪ লাখ ৬৬ হাজার ৯২৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে মাত্র ২ দশমিক ৪৮ শতাংশ। বিপরীতে একই সময়ে প্রচলিত ব্যাংকগুলোর আমানত বেড়েছে ১৪ দশমিক ৯৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকিং খাতের মোট আমানতের ৮২ দশমিক ১০ শতাংশ এখনো পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর হাতে। কিন্তু এসব ব্যাংকের আমানত কমে যাওয়ায় পুরো খাতের প্রবৃদ্ধি অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ছে প্রচলিত ব্যাংকের ইসলামী শাখা ও উইন্ডোর ওপর। অর্থাৎ ইসলামী ব্যাংকিংয়ের বিস্তার ঘটলেও পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর প্রতি আমানতকারীদের আগ্রহে দুর্বলতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আমানতের মতো বিনিয়োগেও পিছিয়ে রয়েছে ইসলামী ব্যাংকিং খাত। সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকগুলোর মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৬ লাখ ১৫ হাজার ৪১৫ কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৭ দশমিক ৩৮ শতাংশ বেশি। অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলোর বিনিয়োগ বেড়েছে ১১ দশমিক ৮০ শতাংশ।

প্রবাসী আয় সংগ্রহে পিছিয়ে পড়ার কারণ হিসেবে আমানতকারীদের আস্থার সংকট ও ব্যাংকিং খাতের অস্থিতিশীলতাকে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ সর্বাধিক পঠিত