নদীভাঙনে একের পর এক বসতভিটা ও ফসলি জমি বিলীন হচ্ছে। ভাঙন ঠেকাতে সরকারি বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েছেন, করেছেন মানববন্ধনও। কিন্তু কোনো কার্যকর উদ্যোগ না পেয়ে শেষ পর্যন্ত নিজেদের ঘরবাড়ি ও জমি রক্ষায় নিজেরাই বাঁধ নির্মাণে নেমেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কয়েকটি গ্রামের মানুষ।
স্থানীয়দের স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহায়তায় প্রায় ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে পুরো কাজ শেষ করতে প্রায় ছয় লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার বড়ভিটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর মেকলি গ্রামে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ কাজের সূচনা হয়। পরে মতবিনিময় সভা শেষে নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়ভিটা ইউনিয়নের পশ্চিম চর মেকলি থেকে চর পশ্চিম থানিরাম পর্যন্ত ধরলা নদীর তীরবর্তী এলাকায় বাঁধটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইউনুস আলীর বাড়ি থেকে হুজুর আলীর বাড়ি পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হবে। বাঁধের ওপরের অংশের প্রস্থ হবে ৫০ ফুট। দুই পাশের ঢালসহ এর মোট বিস্তৃতি হবে ১০০ ফুট। ইতিমধ্যে কয়েক শ গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে নির্মাণকাজে অংশ নিয়েছেন। স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করেও কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
এলাকাবাসী ফারুক হোসেন, আহাদ আলীসহ কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে ধরলা নদীর ভাঙনে তাদের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। ইতিমধ্যে অনেক পরিবার ঘরবাড়ি হারিয়েছে। এখনো কয়েক শ বাড়িঘর ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে চর পশ্চিম থানিরাম এলাকার মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক বেশি। দ্রুত ব্যবস্থা না নিলে আরও অনেক পরিবারকে ভিটেমাটি হারাতে হবে।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াস হোসেন বলেন, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন তারা। বিভিন্ন স্থানে মানববন্ধনও করেছেন এলাকাবাসী। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত নিজেদের উদ্যোগেই বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিতে হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় কাজ শুরু হলেও প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।
বাঁধ নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, নদীভাঙন থেকে নিজেদের ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষায় গ্রামবাসীর এই উদ্যোগ প্রশংসনীয়। বাঁধটি নির্মিত হলে এলাকার মানুষের সম্পদ রক্ষায় সহায়ক হবে। তবে এত বড় কাজ নিজেদের অর্থায়নে শেষ করা এলাকাবাসীর পক্ষে কঠিন। এ জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সহযোগিতা প্রয়োজন।