ভারতে বসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র চলছে: রিজভী

রিজভী বলেন, মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দেওয়া এই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে কিংবা বোমা মেরে দমানো যাবে না।

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পলাতক শক্তিকে সতর্ক করে তিনি বলেছেন, ধৈর্যের সীমা যেন ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এ সভার আয়োজন করে।

আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী আওয়ামী লীগ গঠন করেছিলেন। পরবর্তী সময় তিনি ন্যাপ গঠন করলে আওয়ামী লীগের লোকেরাই তাকে ‘ভারতের চর’ বলে আখ্যায়িত করেছিলেন। অথচ এখন তারাই ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

তিনি অভিযোগ করেন, পুলিশের গাড়ি ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল হামলা চালানো হচ্ছে। কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থান করে ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে। দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও পরে তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও শ্রমিকের আত্মত্যাগের কথা উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। এখন আবার বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের পুরোনো ‘জমিদারি’ ফিরে পেতে বোমাবাজির মাধ্যমে প্রত্যাবর্তনের চেষ্টা চলছে।

রিজভী বলেন, মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দেওয়া এই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে কিংবা বোমা মেরে দমানো যাবে না।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করেছেন। ১৯৫৭ সালেই ভাসানী বুঝতে পেরেছিলেন, পাকিস্তান টিকবে না এবং বাংলাদেশ স্বাধীন হবে। সে সময়ই তিনি পাকিস্তানকে ‘ওয়ালাইকুম আসসালাম’ বলেছিলেন। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ রাখতেও ভূমিকা পালন করেন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির পরিস্থিতি এবং ১৯৭৬ সালের ফারাক্কা মিছিলের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন মওলানা ভাসানী। তাঁর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরতে সংগ্রামী জীবন নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এতে আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত