চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান, অপরাধী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

চট্টগ্রামে জঙ্গল সলিমপুর অভিযান চালিয়ে এস আরবি (র‍্যাব) সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ 'অপরাধী' চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

গতকাল রাতে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, বাইজিদ বোস্তামি ও হাটহাজারী থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন মোঃ ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন,  আব্দুর শুক্কুর, মোঃ পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মোঃ সাকিবুল হাসান  এবং মোঃ আনোয়ার হোসেন।

জেলা গোয়েন্দা পুলিশের দাবি, গ্রেপ্তাররা জঙ্গল সলিমপুরকেন্দ্রিক "সন্ত্রাসী" ইয়াসিন নেতৃত্বাধীন অপরাধী নেটওয়ার্কের সদস্য।  তাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুর, রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, ক্যাম্পের পানিতে বিষ মেশানোসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর পাশাপাশি সেখানকার ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ ফেসবুক পেজসহ বিভিন্ন ভুয়া আইডি ও পেজ ব্যবহার করে পুলিশ, বিজিবি ও র‍্যাবসহ সরকারি সংস্থার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণার তথ্য পাওয়া গেছে।

জেলা পুলিশের ভাষ্য, ধৃত আব্দুর শুক্কুর 'সন্ত্রাসী ' ইয়াসিনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে তার বিভিন্ন কর্মকাণ্ড ও জমি ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনাসহ সকল অপরাধমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

গ্রেপ্তার দুই সহোদর মেহেদী ও সাকিব হাসান এবং আনোয়ার সম্পর্কে ইয়াসিনের ভাগিনা। তারা আলিনগর বহুমুখী সমবায় সমিতির ফেসবুক পেজের অ্যাডমিন। তারা বিভিন্ন ভুয়া আইডি ব্যবহারের মাধ্যমে ফেসবুকে প্রচারণায় সম্পৃক্ত ছিলেন। পারভেজও ইয়াসিনের সহযোগী।

পুলিশের অনুসন্ধানে জানা গেছে, ইয়াসিনের নির্দেশনায় পরিচালিত এই নেটওয়ার্ক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকে নিজেদের স্বার্থে ব্যবহার করত। ফেসবুক পেজ ও আইডি প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও সরকারি সিদ্ধান্ত সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করা হতো।

পরিকল্পিত পোস্ট প্রকাশ, সমন্বিত লাইক-কমেন্ট-শেয়ার এবং অর্থের বিনিময়ে পেইড বুস্টিংয়ের মাধ্যমে এসব অপপ্রচার ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনবিরোধী মনোভাব তৈরি এবং সরকারি আইনানুগ কার্যক্রমের বিরুদ্ধে জনসাধারণকে উসকে দেওয়ার চেষ্টা করা হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

অভিযানে তাদের কাছ থেকে ৮টি অ্যান্ড্রয়েড ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। সংশ্লিষ্ট আইডি, পেজ, যোগাযোগ, অর্থায়ন ও প্রচারণার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত