এবার গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ, সহিংসতার শঙ্কা বাড়ছে

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও সহিংসতার ঘটনাগুলো নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিংবা পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের খবরও পাওয়া যায়নি।

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
গোপালগঞ্জে একের পর এক হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনায় পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। জেলার সদর উপজেলার বৌলতলী ও কাশিয়ানীতে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগ করা হয়েছে। কাশিয়ানীতে বিক্ষোভ মিছিলের সামনে পড়ে হামলার শিকার হয়েছেন পুলিশের পরিদর্শক আবু আলম। তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
 
এ ছাড়া কোটালীপাড়ায় প্রায় আড়াই বছর পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন দলটির নেতাকর্মীরা। এসব ঘটনার মধ্যে আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে জেলাজুড়ে উদ্বেগ বাড়ছে।
 

বুধবার (১৮ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মিছিল ও অবরোধের খবর পাওয়া গেছে। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে মঙ্গলবার রাত থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়েছে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষও প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন বিকেলে টুঙ্গিপাড়ার একটি খেলার মাঠ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মুক্তির দাবিতে সন্ধ্যায় আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন থানার সামনে জড়ো হন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিক্ষুব্ধ লোকজন থানার ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন। থানার বাইরে থাকা পুলিশের চারটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়।

এরপর সহিংসতা টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী ও তাঁর পরিবারের সদস্যদের স্বজনদের বাড়িঘরসহ ১০ থেকে ১৫টি বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। নীলফা এলাকায় যৌথ বাহিনীর সদস্যদের পথ আটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়। সড়কে অবরোধ থাকায় কয়েকটি স্থানে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়।

এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে সদর উপজেলার বৌলতলীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করা হয়। বুধবার কাশিয়ানীতেও গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই উপজেলায় বিএনপি কার্যালয় ভাঙচুরের খবর পাওয়া গেছে। এ ছাড়া ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ এবং একটি রেলস্টেশনে হামলার খবরও পাওয়া গেছে।

কাশিয়ানীতে বিক্ষোভ মিছিলের সামনে পড়ে পুলিশের পরিদর্শক আবু আলম হামলার শিকার হন। তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এদিকে কোটালীপাড়ায় প্রায় আড়াই বছর পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন দলটির নেতাকর্মীরা। কাশিয়ানীতেও আওয়ামী লীগ কার্যালয় খুলে দেওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে টুঙ্গিপাড়া সরকারি কলেজের বাইরে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা ব্যানার টাঙিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জ সদরসহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা। বিভিন্ন এলাকায় মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো হচ্ছে।

 

গোপালগঞ্জ সদরেও বিক্ষোভ মিছিল হয়েছে। আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা আদালত বর্জন করে বিক্ষোভ করেছেন। এ পরিস্থিতিতে দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

এর আগে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধের খবর পাওয়া যায়। নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুরের রওশনপুর, সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা দেওয়া হয়। অবরোধস্থলে মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোর কথাও জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে বুধবার সকাল থেকে জেলা শহরের কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে দেখা গেছে। রিকশা, ভ্যান ও ইজিবাইক চলাচল করলেও অনেক সড়কে যানবাহনের সংখ্যা ছিল কম। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম। সাধারণ মানুষকে সতর্কভাবে চলাচল করতে দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েনের কথা জানা গেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতি দেখা গেছে। বুধবার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন ড. জিএম সরফরাজ। তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও সহিংসতার ঘটনাগুলো নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিংবা পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের খবরও পাওয়া যায়নি।

সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘিরে। এ কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

একের পর এক অগ্নিসংযোগ, হামলা ও অবরোধের ঘটনায় গোপালগঞ্জের স্বাভাবিক জীবনযাত্রা এখনো পুরোপুরি ফিরতে পারেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত