১০০ কোটি টাকা আনতে চার কোটি টাকা দেওয়ার অভিযোগ, বরখাস্ত দুই কর্মকর্তা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

ব্যাংকের জন্য ১০০ কোটি টাকা সংগ্রহ করতে চার কোটি টাকা ‘স্পিড মানি’ হিসেবে দেওয়া হয়েছে, এমন অভিযোগকে কেন্দ্র করে কমার্স ব্যাংকে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নির্দেশে অর্থ বহনের অভিযোগে বরখাস্ত হয় এসইভিপি দেলোয়ার হোসেন ও এসপিও মো. হামিদুর রহমান।

তার দাবি আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই, আমাকে ফাঁসানো হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, পুরো অর্থ লেনদেনের অনুমোদন দিয়েছেন এমডি, ডিএমডি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  বুধবার (১৮ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

দেলোয়ারের দাবি, ১০০ কোটি টাকা সংগ্রহের বিপরীতে অতিরিক্ত চার কোটি টাকা দেওয়ার বিষয়টি ব্যাংকের এমডি, তার ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানতেন। এমনকি এ অর্থ লেনদেনের জন্য ব্যাংকের প্রধান কার্যালয়ের একটি জেনারেল লেজার (জিএল) হিসাব থেকে টাকা উত্তোলনের অনুমোদনও দেওয়া হয়েছিল। পরে ১৩ জন কর্মকর্তার হিসাবে অর্থ জমা দেওয়া হয়। তাদের কাছ থেকে চেক সংগ্রহ করে এমডির পিএস অর্থ উত্তোলন করেন।

দেলোয়ারের ভাষ্য অনুযায়ী, ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএল হিসাব ডেবিট করে ১৩ জনের হিসাবে অর্থ জমা দেওয়ার পুরো প্রক্রিয়ায় এমডি, ডিএমডি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছিল। অর্থাৎ এটি কোনো ব্যক্তিগত বা অননুমোদিত লেনদেন ছিল না। এ-সংক্রান্ত কাগজপত্র বাংলাদেশ ব্যাংকের কাছেও জমা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে দেলোয়ার সাংবদিকদের বলেন, একদিন এমডি তাকে নিজের পিএসের সঙ্গে যেতে বলেন। প্রথমে কোথায় যেতে হবে জানতে চাইলে এমডি জানান, ১০০ কোটি টাকা সংগ্রহের জন্য যে অর্থ আনা হয়েছে, সেটির বিপরীতে ‘স্পিড মানি’ দিতে হবে। এ সময় তাকে সিনিয়র কর্মকর্তা হিসেবে পিএসের সঙ্গে যেতে বলা হয়। ডিএমডিও এমডির নির্দেশে তাকে যেতে বলেন।

এরপর এমডির পিএসের গাড়িতে করে তিনি উত্তরা ক্লাবে যান। সেখানে অর্থ দেওয়া হয়। পরদিন আবার গুলশান ক্লাবে অর্থ দিতে যাওয়া হয়। দেলোয়ারের দাবি, তিনি গাড়িতেই বসে ছিলেন। অর্থ সংগ্রহ, বহন কিংবা কাউকে দেওয়ার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। উত্তরা ক্লাবে এক ব্যক্তির হাতে অর্থ দিতে দেখলেও ওই ব্যক্তিকে তিনি চেনেন না। গুলশান ক্লাবে কীভাবে অর্থ দেওয়া হয়েছে, সেটিও তার জানা নেই।

দেলোয়ারের অভিযোগ, এ ঘটনায় পত্রপত্রিকায় লেখালেখি শুরু হলে এমডি তাদের আশ্বস্ত করেছিলেন যে ব্যাংকের স্বার্থেই কাজটি করা হয়েছে এবং এতে কোনো সমস্যা হবে না। কিন্তু পরে তাকেসহ এমডির পিএসকে সাময়িক বরখাস্ত করা হয়। অন্যদিকে, ১৩ জনের হিসাবে অর্থ জমা হলেও তাদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

তিনি বলেন, ‘আমার হিসাবে কোনো টাকা আসেনি। পুরো প্রক্রিয়ায় কোথাও আমার কোনো স্বাক্ষর নেই। এমনকি আমি টাকা ধরেও দেখিনি। অথচ আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যাঁরা পুরো লেনদেনের অনুমোদন দিয়েছেন, তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটিই আমাদের প্রশ্ন।’

দেলোয়ারের দাবি, ১৩ জন কর্মকর্তার হিসাবের মাধ্যমে অর্থ লেনদেনের বিষয়টি ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমোদনেই হয়েছে। তাদের বলা হয়েছিল, ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তার স্বীকৃতি হিসেবে সনদ দেওয়া হবে। এ ধরনের সনদ পদোন্নতির ক্ষেত্রেও কাজে আসে। এ কারণে কর্মকর্তারা চেক দিয়েছিলেন। পরে তাদের হিসাব থেকে অর্থ উত্তোলন করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল ব্যাংকের প্রধান কার্যালয় ও সংশ্লিষ্ট শাখায় গিয়ে লেনদেনের নথিপত্র পরীক্ষা করেছে। সেখানে এমডির নোটের মাধ্যমে জিএল হিসাব ডেবিট এবং এমডি-ডিএমডির অনুমোদনের ভিত্তিতে ইনসেনটিভ দেওয়ার বিষয়টি উল্লেখ ছিল।  

সাময়িক বরখাস্তের পর এমডির সঙ্গে দেখা করতে গিয়েও সাক্ষাৎ পাননি বলে অভিযোগ করেন তিনি। দেলোয়ার বলেন, প্রথমে তারা ব্যাংকের চেয়ারম্যানের কাছে গেলে এমডির সঙ্গে কথা বলতে বলা হয়। পরে এমডির কাছে গেলে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা চলছিল। তাদের হাতের ইশারায় অপেক্ষা করতে বা ভেতরে না যেতে বলা হলে তারা ফিরে আসেন।

দেলোয়ার বলেন, ‘আমাদের দাবি, পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক। কারা অর্থ সংগ্রহের অনুমোদন দিয়েছেন, কোন হিসাব থেকে টাকা ডেবিট হয়েছে, কারা চেক সংগ্রহ করেছেন, কার কাছে অর্থ পৌঁছেছে—সবকিছু তদন্ত করতে হবে। যারা প্রকৃত দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমার কোনো দোষ থাকলে আমিও শাস্তি মেনে নেব। কিন্তু তদন্ত না করে শুধু কয়েকজনকে দায়ী করা হলে প্রকৃত ঘটনা আড়ালেই থেকে যাবে।

দেশ রূপান্তরের হাতে আসা অভিযোগের বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়দুল হককে ফোন ম্যাসেজ দিলে কোন উত্তর পাওয়া যায়নি।  

সর্বশেষ সর্বাধিক পঠিত