রমজানের খেজুর জানুয়ারিতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:২৭ এএম

রমজানের কেনাকাটার চাপ শুরুর আগেই জানুয়ারির প্রথম দিকে দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সাশ্রয়ী দামে সরবরাহ নিশ্চিত করতে আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সরাসরি খেজুর আমদানির বিষয়ে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে দেশটির রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির বলেন, ভোক্তারা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই রমজানের কেনাকাটা শুরু করেন। তাই জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি।

রাষ্ট্রদূত জানান, আলজেরিয়ায় এখন খেজুরের ভরা মৌসুম। দেশটিতে বিপুল পরিমাণ খেজুর মজুদ রয়েছে। প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব এরই মধ্যে পাঠিয়েছে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয়। দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠানও পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রদূতের মতে, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশের বন্দরে চালান পৌঁছানো সম্ভব।

এছাড়া বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের প্রসঙ্গ টেনে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি খাতে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পুরনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন বা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়ে দুই পক্ষ একমত হয়। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের এফবিসিসিআই ও আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন ও নিয়মিত বৈঠকের ওপরও জোর দেওয়া হয়।

বৈঠকে আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন রাষ্ট্রদূত। আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণও জানান তিনি। সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরি করে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।

একই দিনে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। এ বৈঠকে কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক সই এবং বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়।

কসোভোর রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে পারে।

আলোচনায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতে কসোভোতে রপ্তানি ও বিনিয়োগের সম্ভাবনা উঠে আসে। কসোভোর লিগনাইট, তামা ও দস্তার মতো খনিজ সম্পদ ঘিরে যৌথ উদ্যোগের পাশাপাশি কৃষি ও সেবা খাতে সহযোগিতা নিয়েও মতবিনিময় হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত