রোহিঙ্গারা গণহত্যার শিকার

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৬:২১ এএম

যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে নেদারল্যান্ডসের দ্য হেগ আদালতের রায়ে বলা হয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠী নিধনের (জেনোসাইড) টার্গেট নিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে মিয়ানমার। ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে এই হত্যাযজ্ঞ চালায় দেশটি। বৃহস্পতিবার হেগের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ১৫ জন বিচারকের মধ্যে ৯ জন বিচারক মিয়ানমারে গণহত্যা সংঘটিত হয়েছে বলে ঐকমত্যে পৌঁছেন। ৬ জন বিচারক এর বিপক্ষে রায় দিয়েছেন। ৭ বছর আগে জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে গাম্বিয়ার করা মামলার রায়ে প্রধান বিচারক ইওয়াসাওয়া ইউজি বলেন, মিয়ানমার মরদেহ পুড়িয়ে ফেলে বা অন্য কোনো উপায়ে তা সরিয়ে দিয়ে ‘ব্যাপক আকারে প্রমাণ ধ্বংস করার’ কাজে লিপ্ত ছিল। তিনি বলেন, যেসব স্থানে ‘শুদ্ধি অভিযান’ চালানো হয়েছিল, সেগুলোও পুড়িয়ে ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ফলে ২০১৭ সালে কী ঘটেছিল, সে বিষয়ে কার্যকর কোনো তদন্ত পরিচালনায় বাধা সৃষ্টি হয়। মিয়ানমারে গণহত্যা হয়েছে এমন রায় দিলে জড়িত বিচারকদের ওপর যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞার খড়গ নেমে আসতে পারে বলে পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আইসিসির বিচারকদের ওপর ইতিমধ্যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আইসিসিকে ‘নিয়ন্ত্রণহীন আদালত’ বলে অভিহিতও করেছে তারা। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, আইসিসি মার্কিন সেনাদেরও বিচারের আওতায় আনতে পারে। এর আগে কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করে রায় দেয়নি আইসিজে। কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা চালানোর রায়ের ঘটনা এটিই প্রথম।

রোহিঙ্গাদের ওপর চালানো এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৪৮ সালের জাতিসংঘের জেনোসাইড সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে আইসিজেতে মামলা করেছিল গাম্বিয়া। রায়ে আরও বলা হয়, জেনোসাইড সনদ লঙ্ঘনের অভিযোগে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার। বাংলাদেশ ও অন্যান্য দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফেরত নেওয়ার ব্যবস্থা করার আদেশও দিয়েছে আদালত। আইসিজে প্রেসিডেন্ট বলেন, ‘মিয়ানমারকে অবশ্যই এমন সুযোগ ও সহায়তা দিতে হবে, যেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে নিজেদের ভিটায় ফিরে যেতে পারে এবং পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে থাকতে পারে।

আদালতের সভাপতি বিচারক ইওয়াসাওয়া বলেছেন, ২০১৭ সালের তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন নির্যাতন ও শিশুদের ওপর ব্যাপক সহিংসতা চালিয়েছে। নির্যাতনের মুখে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময়ও তাদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে। রায়ে বলা হয়েছে, আদালত মনে করে সামরিক বাহিনীর কিছু ফেসবুক বার্তায় নন-রোহিঙ্গা জনগোষ্ঠীকে একটি  গোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় জড়াতে উৎসাহিত করার চেষ্টা করা হয়েছিল। তবে আদালত এটি মনে করে না যে ওই পোস্টগুলো পুরোপুরি বা আংশিকভাবে ওই জনগোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় নিয়ে করা হয়েছিল। কিন্তু পোস্টের পাঠকরা বার্তাগুলোকে সেভাবে বুঝেছিল বলে মনে হয় না। ফলে আদালত এই বিষয়ে ‘পুরোপুরি নিশ্চিত নয়’ যে মিয়ানমার ‘বেসরকারি ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রকাশ্যে ও সরাসরি গণহত্যার উসকানি দিচ্ছিল।’

বিচারক ইওয়াসাওয়া বলেছেন, ‘মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল এমন যুক্তিসংগত অনুমান করার অবকাশ রয়েছে।’ ‘আদালত এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আদালতের সামনে উপস্থাপিত সমস্ত প্রমাণ একত্রে বিবেচনা করলে এই যুক্তিসংগত অনুমানকেই সমর্থন করে যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল।’

২০১৭ সালের আগস্টে বাংলাদেশ সীমান্তবর্তী আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক দমন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। তাদের নিষ্ঠুরতার মুখে ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় ৭ লাখের বেশি রোহিঙ্গা। এখনো তারা বাংলাদেশের কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে আছে।

গণহত্যায় যে কারণে দোষী মিয়ানমার : রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে দেওয়া রায়ে ৯-৬ ভোটে আইসিজে এই সিদ্ধান্তে পৌঁছে যে, মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। আদালত প্রমাণ পেয়েছে যে, নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাধারণ ব্যক্তিদের দ্বারা সংঘটিত গণহত্যা প্রতিরোধ করার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার। প্রথম দ্ুিট কাউন্টের অর্থ, আইসিজের ১৫ জন বিচারকের মধ্যে ৯ জনই মিয়ানমার যে গণহত্যা চালিয়েছে এবং সেটি প্রতিরোধ করার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে সেই রায়ের পক্ষে ভোট দিয়েছেন। আর বাকি ৬ বিচারক এর বিরুদ্ধে রায় দিয়েছেন। তিন নম্বর কাউন্টে, ১৪ জন বিচারক রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে প্রকাশ্যে গণহত্যার উসকানি দেয়নি বলে রায় দিয়েছেন। তবে এই রায়ে একজন বিচারক দ্বিমত পোষণ করেছেন। বিচারক রায়ের চতুর্থ সিদ্ধান্তটি পড়ে শোনান এবং এতে ১১-৪ ভোটে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, গণহত্যা এবং  জেনোসাইড কনভেনশন বা গণহত্যা সনদের তৃতীয় অনুচ্ছেদে তালিকাভুক্ত অন্যান্য অপরাধের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার।

রায় ‘রোহিঙ্গাদের দুর্ভোগের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি’ হিউম্যান রাইটস ওয়াচ : আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, আইসিজের এই রায় ‘মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গারা যে দুর্ভোগ সহ্য করেছে, তার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি।’ সংস্থাটির জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচার বিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, ‘এই রায় বিশ্বজুড়ে গণহত্যা এবং অন্যান্য গুরুতর অপরাধে যারা ভুক্তভোগী, তাদের ন্যায়বিচারের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।’ ভিগনোলি আরও বলেন, মিয়ানমারের উচিত ‘দ্রুত আদালতের এই রায় মেনে চলা এবং রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করা এবং সংশ্লিষ্ট সরকারগুলোর উচিত মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় ফেরত পাঠানো নিশ্চিত করা।’

রোহিঙ্গা ক্যাম্পে উল্লাস : আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে দেওয়া ঐতিহাসিক রায়ের পর বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ল পুরো ক্যাম্প। উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পেই ছড়িয়ে পড়েছে খুশির আমেজ। আন্তর্জাতিক আদালতের রায় সরাসরি দেখার ও শোনার জন্য উখিয়ার ১, ১৩ ও ১৫ নম্বর ক্যাম্পে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সেখানে বসানো হয় বড় পর্দা। বিকেল থেকেই হাজারো রোহিঙ্গা নারী-পুরুষ একসঙ্গে বসে আদালতের কার্যক্রম প্রত্যক্ষ করেন। রায় ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন, আবার কেউ সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করে মোনাজাত করেন।

তবে ঐতিহাসিক এই রায় এলেও পুরোপুরি শঙ্কামুক্ত হতে পারছেন না রোহিঙ্গারা। আনন্দের পাশাপাশি তাদের মনে কাজ করছে গভীর অনিশ্চয়তাও। ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা মনে করেন, বিশ্বসম্প্রদায়ের জোরালো ও কার্যকর আন্তর্জাতিক চাপ ছাড়া মিয়ানমার কখনোই এই রায় বাস্তবায়ন করবে না।

এ বিষয়ে রোহিঙ্গা নেতা জামাল হোসেন বলেন, ‘এমন রায়ে রোহিঙ্গারা খুশি। তবে আমাদের শঙ্কা রায় বাস্তবায়ন নিয়ে। আন্তর্জাতিকভাবে যেমন রায় ঘোষণা করা হয়েছে, তেমনি আমরা চাই বিশ্বনেতারা আন্তর্জাতিকভাবেই রায়টি বাস্তবায়নের ব্যবস্থা নেবেন।’

আরেক রোহিঙ্গা নেতা আবুল আলম বলেন, ‘এ রায় বিশ্ববিবেককে জাগাবে। তবে আমরা যাতে মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে পারি, সে জন্য মিয়ানমারের ওপর চাপ আরও বাড়াতে হবে।’

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী ও এনজিও পরিচালিত একটি লার্নিং সেন্টারের শিক্ষিকা কুলসুমা আকতার বলেন, ‘এই রায়ের জন্য আমরা গাম্বিয়াকে ধন্যবাদ জানাই। তবে রোহিঙ্গারা সবচেয়ে বেশি কৃতজ্ঞ বাংলাদেশ ও এ দেশের মানুষের কাছে।’ ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, ‘এ রায়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং আমাদের নিজ দেশে ফেরার পথ তৈরিতে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’

ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহ-প্রতিষ্ঠাতা নে সান লুইনের মতে, প্রকৃত ন্যায়বিচার মানে শুধু আদালতের রায় নয়। রায়ে আন্তর্জাতিক স্বীকৃতি, নাগরিকত্ব, হারানো অধিকার ফিরে পাওয়া এবং নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে। তবে তিনি এ রায়ের দ্রুত বাস্তবায়ন চান।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “আইসিজের রায় রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে মিয়ানমারের পক্ষ থেকে তাদের ‘বহিরাগত’ হিসেবে উপস্থাপনের বয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক ভিত্তি তৈরি হয়েছে।”

সর্বশেষ সর্বাধিক পঠিত