ফ্যাসিবাদ রুখতে জামায়াত-এনসিপির কর্মসূচি ঘোষণা

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৭ এএম

৪১ দিনব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এনসিপিও গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর গণহত্যাকারীদের বিচার তরান্বিত করা

এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের প্রাপ্য হিসাব আদায়ের দাবিতে চলতি মাসসহ ডিসেম্বর জুড়ে কর্মসূচি হাতে নিয়েছে।

শনিবার থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিক্ষোভ, আলোচনা সভা, মানববন্ধন, ব্যবসায়ী সম্মেলন, বিজয় র‌্যালি, রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প কর্মসূচি নিয়েছে জামায়াত। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দলের কর্মসূচি ঘোষণা করেন। সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত। দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ কর্মসূচি শুরু হবে। ২৫ নভেম্বর দেশের প্রতিটি মহানগরীতে একই দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি। একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন করা হবে। ২৬ নভেম্বর দেশের সব জেলা সদরে একই দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে।

২৯ নভেম্বর ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি প্রকাশের কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় আলোচনা সভা করবে জামায়াত। পরদিন ৩০ নভেম্বর দেশের প্রতিটি উপজেলা ও থানা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি। ডিসেম্বরের ২ তারিখ পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট নিয়ে রাজধানীতে আলোচনা সভা করবে জামায়াত। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি পালন করবে দলটি।

এদিকে বৃহস্পতিবার রাতে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিবাদী গোষ্ঠী। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এনসিপির পক্ষ থেকে আমরাও সংসদে এবং রাজপথে বলে আসছি, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তারা সাবেক অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে। শুধু তাই নয়, গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসন্ত্রাস করেছে আওয়ামী লীগ। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে যে ঐক্যের কথা বলেছেন, সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখি। কিন্তু সেই ঐক্যের ভিত্তি ও এজেন্ডা কী হবে? জুলাই গণহত্যার বিচার কত দূর এগোবে? আওয়ামী লীগকে নরমালাইজ করা বা পুনর্মিলনের যে আলাপ চলছে, সে বিষয়ে সরকারের বক্তব্য কী? জনগণের দেওয়া ভোটের এজেন্ডা কোথায় গিয়ে ঠেকবে তা সরকারের তরফ থেকে স্পষ্ট হওয়া প্রয়োজন।

তিনি বলেন, এনসিপি আওয়ামী লীগের সন্ত্রাস ও জঙ্গিপনার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী যেকোনো রাজনৈতিক দল, পক্ষ, প্ল্যাটফর্ম বা ব্যক্তির সঙ্গে ঐক্য অনুভব করে। ১১ দলের কর্মসূচিতে এনসিপির অংশগ্রহণ থাকবে, তবে দল হিসেবে এনসিপির স্বাতন্ত্র্য বজায় রেখে রাজপথে ও আলোচনার টেবিলে আমরা জনগণের নিরাপত্তা ও বাংলাদেশের স্বার্থে সোচ্চার থাকব। প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা বিষয়ে তিনি বলেন, বিভিন্ন জায়গায় প্রশাসনের ও গোয়েন্দা সংস্থার স্পষ্ট ব্যর্থতা রয়েছে; সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। শুধু আওয়ামী লীগের ইস্যু নয় চাঁদাবাজি, সিন্ডিকেট ও সন্ত্রাস মোকাবিলায় সরকার কঠোর পদক্ষেপ নিতে পারেনি। সরকারের ক্ষমতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও আওয়ামী লীগের সন্ত্রাস দমনে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম, রাজনৈতিক পর্ষদ সদস্য ড. আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত, আকরাম হোসাইন সিএফ প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত