লেনদেন নিষ্পত্তির সময় কমছে

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ এএম

অবশেষে শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময় এক দিন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী বছরের ৪ জানুয়ারি থেকে বর্তমানের ‘টি+২’ পদ্ধতির পরিবর্তে ‘টি+১’ নিষ্পত্তি ব্যবস্থা কার্যকরের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে ‘টি+২’ ব্যবস্থায় লেনদেনের পর তৃতীয় দিনে শেয়ার কিংবা বিক্রির অর্থ পাওয়া যায়। এ সিদ্ধান্ত অনুযায়ী, কোনো বিনিয়োগকারী শেয়ার কেনার পরের দিনই শেয়ার হাতে পাবেন। একইভাবে শেয়ার বিক্রি করলেও পরের দিন অর্থ উত্তোলন করতে পারবেন।

গত বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভায় কমিশনার নাফিজ আল তারিক ও হোসেন সাদাত উপস্থিত ছিলেন। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, ভারপ্রাপ্ত সিআরও শফিকুল ইসলাম ভূঁইয়াসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন। ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর মধ্যে লংকাবাংলা, সিটি, ব্র্যাক ইপিএল, ইউসিবি ও আইডিএলসির প্রধান নির্বাহীরা বৈঠকে উপস্থিত ছিলেন। বিদেশি বিনিয়োগকারীদের কাস্টডিয়ান সেবা দেওয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, সিটিএনএ ও ব্যাংক অব সিলনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

বিএসইসির বর্তমান নেতৃত্ব মনে করছে, নিষ্পত্তির সময় কমিয়ে আনলে দেশের শেয়ারবাজারের কার্যকারিতা ও দক্ষতা বাড়বে। পাশাপাশি বিনিয়োগকারীরা দ্রুত শেয়ার ও অর্থ বুঝে পাবেন। এতে স্টক এক্সচেঞ্জ ও ব্রোকারেজ হাউজগুলোর শেয়ার কেনাবেচা ও কমিশন আয়ও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

জানতে চাইলে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার দেশ রূপান্তরকে বলেন, শেয়ারবাজারের স্বার্থে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছি। তার মধ্যে দ্রুত লেনদেন নিষ্পত্তির সময় একটি। এটি কার্যকর হলে লেনদেন প্রক্রিয়া আরও সহজ হবে। একই বিষয়ে একটি শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ রূপান্তরকে জানিয়েছেন, টি+১ বাস্তবায়ন হলে মার্কেটের জন্য ভালো হবে। এতে করে বাজারের ভলিউম বাড়বে। কেনাবেচা বাড়লে ব্রোকারেজ হাউজগুলোও আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে।

তবে লেনদেনে একটু সতর্ক থাকতে হবে। কারণ নতুন একটি বিষয় চালু হলে চ্যালেঞ্জ অনেক থাকে।

এদিকে, নতুন নিষ্পত্তি ব্যবস্থা চালুর উদ্যোগের পাশাপাশি শেয়ার কেনাবেচায় আরও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ‘ডে-নিটিং’ পদ্ধতি চালু হতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। এ পদ্ধতিতে একই শেয়ার একই দিনে একাধিকবার কেনাবেচার সুযোগ থাকবে। বর্তমানে বিনিয়োগকারীরা নিজেদের অ্যাকাউন্টে থাকা শেয়ার বিক্রির পর একবার পুনরায় কিনতে পারেন। নতুন নিয়ম চালু হলে একই দিনে ইচ্ছামতো একাধিকবার শেয়ার কেনাবেচা করা যাবে।

অন্যদিকে দ্রুত নিষ্পত্তি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়ে শেয়ারবাজার সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা উদ্বেগও রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মতে, প্রয়োজনীয় ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত না করেই টি+১ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। উন্নত বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের প্রযুক্তিগত অবকাঠামো দুর্বল। পাশাপাশি লেনদেন নিষ্পত্তির ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নিয়েও প্রশ্ন রয়েছে। অনেকে মনে করছেন, নতুন ব্যবস্থার ফলে দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিবর্তে ডে-ট্রেডিং বা শেয়ার কিনে একই দিনে বিক্রির প্রবণতা উৎসাহিত হতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী, দেশের শেয়ারবাজারের প্রায় ৯০ শতাংশই ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীনির্ভর। এসব বিনিয়োগকারীর বড় অংশের বাস্তব বিনিয়োগ দক্ষতা সীমিত। ফলে তাদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিবর্তে ঘন ঘন শেয়ার কেনাবেচার দিকে ঠেলে দেওয়া হতে পারে।

তারা আরও বলেন, ঘন ঘন লেনদেন হলে ব্রোকারেজ হাউজগুলোর কমিশন আয়ের সুযোগ বাড়তে পারে। তবে এতে সামগ্রিকভাবে বাজারের উন্নতি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। অতীতেও লেনদেন নিষ্পত্তির সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটি কারও জন্য ইতিবাচক ফল বয়ে আনেনি।

প্রসঙ্গত, বিশ্বের বড় শেয়ারবাজারগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা ২০২৪ সালে টি+১ নিষ্পত্তি ব্যবস্থা চালু করে। যুক্তরাষ্ট্র ১৫ মাসের ও কানাডা ১৪ মাসের প্রস্তুতি শেষে এ ব্যবস্থা চালু করে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে ২০২৭ সালের ১১ অক্টোবর থেকে এ ব্যবস্থা কার্যকরের সিদ্ধান্ত রয়েছে। যুক্তরাজ্যে ২০২২ সালের ডিসেম্বরে এ বিষয়ে টাস্কফোর্স গঠনের মাধ্যমে প্রস্তুতি শুরু হয়। ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিক প্রস্তাব প্রকাশ করে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।

সর্বশেষ সর্বাধিক পঠিত