মাইশেলফ অ্যালেন স্বপন ৩ নতুন সিজনে প্রভা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ এএম

আলোচিত ওটিটি সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন আসছে। নতুন কিস্তিতে থাকছে বড় পরিবর্তন। আগের দুই সিজনে অ্যালেন স্বপনের সঙ্গী শায়লা চরিত্রে অভিনয় করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে এবার সেই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। এরই মধ্যে শুরু হয়েছে সিরিজটির শুটিং।

২০২২ সালে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজের মাধ্যমে প্রথম দর্শকের সামনে আসে অ্যালেন স্বপন চরিত্রটি। চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে অর্থ পাচারের জগতে প্রভাবশালী হয়ে ওঠা এই চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন নাসির উদ্দিন খান। চরিত্রটির জনপ্রিয়তার ধারাবাহিকতায় নির্মাতা শিহাব শাহীন তৈরি করেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। প্রথম সিজনের সাফল্যের পর গত বছর মুক্তি পায় দ্বিতীয় সিজন। এবার নির্মিত হচ্ছে তৃতীয় কিস্তি। এতে নাম ভূমিকায় ফিরছেন নাসির উদ্দিন খান।

মিথিলার পরিবর্তে প্রভাকে যুক্ত করার কারণ হিসেবে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মিথিলা। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে শিক্ষকতা করছেন তিনি। পেশাগত ব্যস্ততার কারণে দেশে এসে শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না তার।

নতুন সিজনে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবি। চলতি মাসের শেষ দিকে প্রভার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি দৃশ্যধারণ শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’।

সর্বশেষ সর্বাধিক পঠিত