দফায় দফায় দাম কমার পর দেশের বাজারে সোনার গহনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ১৪৯ টাকা। এতে ভ্যাটসহ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এর আগে আট দফায় ২২ ক্যারেটের সোনার গহনার দাম কমানো হয়েছিল ৩৪ হাজার ৬৯০ টাকা। ধারাবাহিকভাবে কমানোর পর এবার বাড়ানো হয়েছে সোনার দাম।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকরের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে নতুন দাম নির্ধারণ করেছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
এর আগে ২২ নভেম্বর থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৫৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়।
সোনার গহনার দাম বাড়ানো হলেও এখন রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা।