উপকূলের কৃষিতে বদল আনছে কারিতাসের গবেষণা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম

কারিতাস বাংলাদেশের আয়োজনে ‘কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক পদ্ধতির মাধ্যমে উপকূলীয় দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন ও সহভাগিতা বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আফছার আলী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, ক্যাফোডের প্রতিনিধি রিচার্ড স্লোম্যান এবং এফসিডিওর মানবিক সহায়তা দলের প্রধান এলি মুডি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশের কর্মসূচি পরিচালক অপূর্ব ম্রং।

গবেষণার ফলাফলে দেখা যায়, প্রকল্পভুক্ত পরিবারের ৯৮ শতাংশ কৃষক মাঠ বিদ্যালয়ে অংশ নিয়েছেন এবং ৯৭ শতাংশের বীজ ব্যাংকে প্রবেশাধিকার ছিল। প্রকল্পের বাইরের পরিবারগুলোর ক্ষেত্রে এ হার ছিল মাত্র ৪ শতাংশ। দুর্যোগের পর প্রকল্পভুক্ত পরিবারের ৭৩ শতাংশ নিজেদের সঞ্চয় ব্যবহার করে পরিস্থিতি মোকাবিলা করেছে। বিপরীতে, প্রকল্পের বাইরের ৫৪ শতাংশ পরিবার ঋণ বা বাকির ওপর নির্ভর করেছে।

গবেষণায় আরও উঠে এসেছে, প্রকল্পভুক্ত পরিবারগুলো তুলনামূলক দ্রুত কৃষিকাজ ও স্বাভাবিক জীবনে ফিরেছে। পাশাপাশি ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় কৃষিপদ্ধতি পরিবর্তন এবং আয়ের উৎস বহুমুখীকরণেও তারা বেশি উদ্যোগী হয়েছে।

গবেষণার ফলাফল উপস্থাপন করেন অস্ট্রিয়ার বকু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাইকেল হাউজার। স্বাগত বক্তব্য দেন কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক দাউদ জীবন দাশ। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে সংস্থাটি দুর্যোগ মোকাবিলা, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় কর্মপরিকল্পনা নির্ধারণই এ সেমিনারের অন্যতম লক্ষ্য।

আলোচনায় ফরিদা আক্তার কৃষকের নিজস্ব বীজ সংরক্ষণ ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি ড. আবদুছ ছালাম দুর্যোগ মোকাবিলায় বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, প্রযুক্তির যথাযথ প্রয়োগে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

সেমিনারে উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি কৃষিবাস্তুসংস্থানভিত্তিক কর্মসূচি, কৃষি প্রশিক্ষণের সঙ্গে দুর্যোগ প্রস্তুতির সমন্বয়, সঞ্চয় বৃদ্ধি এবং আয়ের উৎস বহুমুখীকরণের সুপারিশ করা হয়। পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা ও ডেল্টা পরিকল্পনা ২১০০-তে এ ধরনের কৃষিচর্চা অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়া হয়।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত