গানের মঞ্চে লাঞ্ছিত শাহ আলম সরকার, ভিডিও ভাইরাল

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

গান গাইতে গিয়ে লাঞ্ছনার শিকার হলেন জনপ্রিয় বাউল শিল্পী শাহ আলম সরকার। রবিবার (২২ নভেম্বর) রাতে টাঙ্গাইলের সখীপুরে এক গানের আসরে প্রবীণ এই বাউলশিল্পীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানাচ্ছেন অনেক শিল্পী ও তার ভক্ত অনুরাগীরা। সেই তালিকায় এবার যোগ দিয়েছেন বাউলশিল্পী চন্দ্রা সরকার। তার মতে, এটি শুধু একজন শিল্পীর ওপর হামলা নয়, বরং বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যের ওপর আঘাত।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চন্দ্রা সরকার লিখেছেন, ‘গানের মঞ্চে দাঁড়িয়ে একজন প্রবীণ শিল্পীর গায়ে হাত তোলা কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি আমাদের আবহমান বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত। শাহ আলম সরকার এই মাটির মানুষ; যুগ যুগ ধরে তার সুর ও পালাগানের মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখ, প্রেম ও দর্শনের কথা বলে আসছেন।’

ঘটনার স্থান টাঙ্গাইল উল্লেখ করে চন্দ্রা সরকার আরও লিখেছেন, ‘টাঙ্গাইলের মতো সংস্কৃতিমনা একটি অঞ্চলে, খোদ গানের আসরে তাকে লাঞ্ছিত করার এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। মতের অমিল বা কোনো অভিযোগ থাকলে তার সমাধানের অনেক পথ খোলা আছে, কিন্তু মঞ্চে উঠে একজন গুণী শিল্পীকে শারীরিকভাবে আক্রমণ করা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এটি স্পষ্টতই উগ্রতা এবং শিল্প-সংস্কৃতির প্রতি চরম অশ্রদ্ধার বহিঃপ্রকাশ।’

জানা গেছে, সখীপুর উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের মৃত সিরাজ পীরের বাড়িতে (মানিক ভাইয়ের বাড়ি) রোববার রাতে (২২ নভেম্বর ২০২৬) এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে বাউল গান পরিবেশনের একপর্যায়ে স্থানীয় এক পীরকে উদ্দেশ্য করে আপত্তিকর বা অশালীন মন্তব্য করেন শাহ আলম সরকার। ওই আসরে তার প্রতিপক্ষ শিল্পী ছিলেন বাবলি সরকার।

সর্বশেষ সর্বাধিক পঠিত