চার লাখের বেশি কৃষক পাবেন শতকোটি টাকা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ এএম

‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় পাইলট পর্যায়ের দ্বিতীয় ধাপে ৪ লাখ ৪৩ হাজার ৪৮৪টি কার্ড বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। তবে এসব কার্ডধারী সব কৃষক উপকরণ সহায়তার টাকা পাবেন না। এর মধ্যে উপকরণ সহায়তার আড়াই হাজার টাকা পাবেন ৪ লাখ ৬ হাজার ৫৯১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। কৃষকদের মধ্যে দেওয়া এ সহায়তা বাবদ ব্যয় হবে ১০১ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ডিসেম্বরের ২ তারিখ কুষ্টিয়া ও ৫ তারিখ গাইবান্ধায় পৃথক দুটি অনুষ্ঠানে কার্ড বিতরণের উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করবেন।

কুষ্টিয়া জেলার সদর উপজেলায় কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপের কর্মসূচি উদ্বোধন করা হবে। এ কার্যক্রমের আওতায় খুলনা ও ঢাকা বিভাগের প্রায় ২ লাখ ৮৯ হাজার ২৫৩ জন কৃষক অন্তর্ভুক্ত থাকবেন। এর মধ্যে থেকে প্রায় ২ লাখ ৬৯ হাজার জন কৃষকের ব্যাংক হিসাবে আড়াই হাজার টাকা করে প্রায় ৬৭ কোটি ২০ লাখ টাকার কৃষি উপকরণ সহায়তার অর্থ দেওয়া হবে।

পরে ৫ ডিসেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী র বিভাগের কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করবেন।

এ পর্যায়ে এ বিভাগের প্রায় ১ লাখ ৫৪ হাজার জন কৃষককে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক বিবেচনায় প্রায় ১ লাখ ৩৭ হাজার জন কৃষকের ব্যাংক হিসাবে আইবাসের মাধ্যমে প্রায় ৩৪ কোটি ৪৩ লাখ টাকার কৃষি উপকরণ সহায়তা বাবদ টাকা দেওয়া হবে।

কৃষক কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী প্রাথমিকভাবে রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক সংযুক্ত রয়েছে। এ পর্যায়ে কৃষি উপকরণ সহায়তার আওতাভুক্ত সব কৃষক কার্ড ছাড়াও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শাখা থেকে নগদ অর্থ উত্তোলন করে তা দিয়ে শুধু কৃষি উপকরণ কিনতে পারবেন।

কৃষি মন্ত্রণালয় বলছে, দেশব্যাপী চলমান ‘কৃষক কার্ড’ কার্যক্রমের আওতায় আগামী চার বছরে দেশের প্রায় ২ কোটি ৩৫ লাখ কৃষককে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে। এ কার্যক্রমের আওতায় চলতি অর্থবছরেই প্রায় ৪৩ লাখ কৃষককে কার্ড প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করছে কৃষি মন্ত্রণালয়, যেখানে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক বিবেচনায় প্রায় ৩৯ লাখ কৃষককে প্রায় ৯৭০ কোটি টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে।

জানা গেছে, দেশব্যাপী কৃষক তথ্য সংগ্রহের জন্য সব উপজেলায় সংশ্লিষ্ট কৃষি অফিসের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে প্রায় ৭ হাজার ২০০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা কাজ করে যাচ্ছেন। কৃষক কার্ড কর্মসূচির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রায় ২৭ লাখ ৩ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট উপজেলা কমিটি কর্তৃক প্রায় ১৯ লাখ ১১ হাজার কৃষকের তথ্য অনুমোদিত হয়েছে এবং প্রায় ১৬ লাখ ৫৬২ হাজার কৃষকদের ব্যাংক হিসাব খোলা হয়েছে।

কৃষক কার্ড বর্তমান বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম বিষয় ছিল। সরকার গঠনের পরপরই কৃষক কার্ড কার্যক্রম শুরু করা হয়। সে মোতাবেক কৃষককে কার্ডের মাধ্যমে কৃষকের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভা-ার গড়ে তোলা হচ্ছে। এর ফলে প্রকৃত কৃষক শনাক্ত করা, সরকারি সহায়তা সরাসরি উপকারভোগীর কাছে পৌঁছানো এবং কৃষিসেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কৃষি সচিব মো. সেলিম খান বলেন, কৃষক কার্ডের মাধ্যমে দেশের সব কৃষকের চাষযোগ্য জমির পরিমাণ, ফসলের বৈচিত্র্য, কৃষিপণ্যের চাহিদা, মাটির স্বাস্থ্যসহ কৃষিসংশ্লিষ্ট যাবতীয় তথ্য নিয়ে গড়ে তোলা হচ্ছে একটি সমন্বিত তথ্যভা-ার। এর মাধ্যমে দেশের কৃষি প্রবেশ করবে আধুনিক, তথ্যনির্ভর ও পরিকল্পিত ব্যবস্থাপনায়। তিনি বলেন, কৃষক কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়; এটি কৃষকের মর্যাদাকে নতুন উচ্চতায় উন্নীত করবে এবং কৃষিকে একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকার দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে এ খাতকে অর্থনীতির প্রধান খাতে পরিণত করতে কাজ করছে। আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রযুক্তির বিস্তৃতি ঘটিয়ে চাহিদামাফিক উৎপাদনব্যবস্থা চালু করতে সরকার কৃষক কার্ড কর্মসূচি হাতে নিয়েছে। পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ ফসল উৎপাদনের সব ধরনের সেবা কৃষক এ কার্ডের মাধ্যমে পাবেন।

২০২৬ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইল সদর উপজেলায় কৃষক কার্ডের প্রি-পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ সর্বাধিক পঠিত