ইনানীতে গ্যাসকূপ বিস্ফোরণে বাপেক্সের ৩ কর্মী দগ্ধ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ থেকে উদ্‌গীরিত গ্যাসের আগুন নিয়ন্ত্রণের পর জমির সার্ভে করার সময় হঠাৎ বিস্ফোরণে আগুনের কুণ্ডলী বেরিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ৩ কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন। তারা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার স্টেশন ইনচার্জ দোলন আচার্য বলেন, ভূতাত্ত্বিক জরিপ চালানোর সময় বিস্ফোরণে বাপেক্সের তিন কর্মকর্তা ও কর্মচারী আহত হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাপেক্সের প্রকল্প ব্যবস্থাপক আনিসুর রহমান জানান, গত ২৭ নভেম্বর আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে জরিপসহ বিভিন্ন কারিগরি কাজ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার কাজ করার সময় হঠাৎ গ্যাসের ডাইভার্ট লাইন দিয়ে আগুনের কুণ্ডলী বেরিয়ে আসে। এ সময় আগুনের তাপ ও শিখার সংস্পর্শে এসে তিনজন দগ্ধ হন। তবে তারা আশঙ্কামুক্ত।

ঘটনাটিকে বিস্ফোরণ হিসেবে উল্লেখ করেছেন বাপেক্সের উপমহাব্যবস্থাপক ড. আব্দুস সালাম। তবে প্রকল্প ব্যবস্থাপক আনিসুর রহমান জানিয়েছেন, এটি কোনো বিস্ফোরণের ঘটনা নয়। নিয়মিত কারিগরি কার্যক্রম পরিচালনার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

এর আগে গত ২৭ অক্টোবর ইনানীর ছোট খাল সেতু এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় হঠাৎ গ্যাস উদ্‌গীরণ শুরু হয়। একপর্যায়ে উদ্‌গীরিত গ্যাসে আগুন ধরে যায়। টানা ৩১ দিন জ্বলতে থাকা ওই আগুন গত শুক্রবার (২৭ নভেম্বর) দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নিয়ন্ত্রণে আনে বাপেক্সের বিশেষজ্ঞ দল।

আগুন নিয়ন্ত্রণে আনতে কূপের চারপাশে ৩০ ইঞ্চি ব্যাসের কেসিং পাইপ স্থাপন, ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস নির্গমনের ব্যবস্থা এবং বিভিন্ন কারিগরি পদ্ধতি প্রয়োগ করা হয়।

বাপেক্স জানিয়েছে, কূপের উপরিভাগের আগুন নিয়ন্ত্রণে এলেও গ্যাসের চাপ নিরাপদ পর্যায়ে নামিয়ে আনা এবং পরবর্তী অনুসন্ধান কার্যক্রম শুরুর জন্য আরও কিছু কারিগরি কাজ চলমান রয়েছে। এসব কাজের অংশ হিসেবেই রোববার এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করে সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মীরা। বাপেক্সের দাবি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কূপটি পুরোপুরি নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত