তরুণদের তামাকের ছোবল থেকে রক্ষায় পদক্ষেপ নিয়েছে সরকার: মাহ্দী আমিন

তিনি আরও বলেন, ‘বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্রমবর্ধমান সহজলভ্যতা ও ব্যবহার তরুণদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষমতা ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলছে। এই ঝুঁকি নিরসনে সম্মিলিত সামাজিক  আন্দোলন গড়ে তুলতে হবে। 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, ‘একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে সেই দেশের তরুণদের উপর। আর এই তরুণদেরকে তামাক থেকে দূরে রাখতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়ন করতে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে’।

রবিবার (২৯ নভেম্বর) বংলাদেশ শিল্পকলা একাডেমিতে নারী মৈত্রী আয়োজিত ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের রক্ষা ও আগামীর প্রত্যাশা’ শীর্ষক যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্রমবর্ধমান সহজলভ্যতা ও ব্যবহার তরুণদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষমতা ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলছে। এই ঝুঁকি নিরসনে সম্মিলিত সামাজিক  আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে তরুণদের উন্নয়নে তামাক নিয়ন্ত্রণ, সহশিক্ষা কার্যক্রমসহ সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও তামাকবিরোধী নারী এমপি ফোরামের ভাইস চেয়ারপার্সন মাহমুদা হাবিবা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসাইন, সাবেক অতিরিক্ত সচিব ও তামাকবিরোধী মাদার্স ফোরামের আহ্বায়ক শিবানী ভট্টাচার্য্য এবং তামাকবিরোধী শিক্ষক ফোরামের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খালেদা ইসলাম।

সভায় জানানো হয়, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তামাক ব্যবহারকারী দেশ। দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে বাংলাদেশে তামাক ব্যবহারের হার সবচেয়ে বেশি ৩৫.৩ শতাংশ, যা ভারতে ২৮.৬ শতাংশ এবং পাকিস্তানে ১৯.১ শতাংশ। গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস, ২০১৭)-এর তথ্যমতে, বর্তমানে বাংলাদেশে ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করে।

টোব্যাকো এটলাস ২০২৫ এর তথ্যমতে, তামাক ব্যবহারজনিত রোগে বাংলাদেশে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষ মৃত্যুবরণ করে, পঙ্গুত্ব বরণ করে আরো কয়েক লাখ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণালব্ধ তথ্য অনুযায়ী বাংলাদেশে ২০২৪-২৫ অর্থবছরে তামাক খাত থেকে রাজস্ব আয় হয়েছিল প্রায় ৪১ হাজার কোটি টাকা পক্ষান্তরে, তামাক ব্যবহারজনিত কারণে মৃত্যু, অন্যান্য স্বাস্থ্য ক্ষতি এবং পরিবেশের ক্ষতি প্রায় ৮৭ হাজার কোটি টাকা। অর্থাৎ রাজস্ব আয়ের তুলনায় তামাকের অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি দ্বিগুণেরও বেশি। 

মাহমুদা হাবিবা এমপি বলেন, ‘বর্তমান সরকার তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্যকে রক্ষা করতে বদ্ধপরিকর। সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের মাধ্যমে বর্তমান সরকার তার নীতিগত ভিত্তি তৈরি করেছে। এখন এই আইনের বিধানগুলোকে সুস্পষ্ট, সুনির্দিষ্ট ও কার্যকর কাঠামোর মধ্যে আনতে বিধিমালার প্রয়োজন। তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাব, অগ্রাধিকার ভিত্তিতে যেন বিধিমালা প্রণয়নের প্রক্রিয়া দ্রুত এগিয়ে যায়।’

ডা. সৈয়দ আকরাম হোসাইন বলেন, ‘বাংলাদেশে অসংক্রামক রোগের অন্যতম প্রধান প্রতিরোধযোগ্য ঝুঁকির কারণ তামাক ব্যবহার। হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার ও বিভিন্ন শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি কমাতে তামাক নিয়ন্ত্রণকে জনস্বাস্থ্যের অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা জরুরি। সেই সাথে ঋঈঞঈ-এর আলোকে তামাক নিয়ন্ত্রণ, জনসচেতনতা তৈরি করা জরুরি।’

সম্মেলনে তরুণরা তাদের সুরক্ষায় বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন। তারা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর অধীনে দ্রুত বিধিমালা প্রণয়ন এবং নতুন ধরনের তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ ছাড়া শিশু, কিশোর ও তরুণদের কাছে তামাকজাত পণ্যের সহজলভ্যতা কমাতে খুচরা শলাকা, খোলা তামাক ও প্যাকেটবিহীন তামাকজাত পণ্যের বিক্রি বন্ধে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আকতার ডলির সভাপতিত্বে তামাকবিরোধী ইযূথ ফোরামের সদস্যদের সাথে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, তামাকবিরোধী মায়েদের ফোরাম, তামাকবিরোধী শিক্ষক ফোরাম, তামাকবিরোধী নারী সাংবাদিক ফোরামের সদস্যরা। তারা সকলেই দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিধিমালা প্রণয়ন করে তামাক নিয়ন্ত্রণ আরও জোরদার করা দাবি জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত