সপ্তাহে ছয় দিন দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকান ও মার্কেট খোলা রাখা যাবে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট খোলা রাখার সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টায় বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে মার্কেট ও বিপণিবিতানে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এ জন্য পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে মার্কেটগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া বৈঠকে বিদ্যুৎ বিভ্রাট, প্রিপেইড মিটারের বিভিন্ন চার্জ এবং সার্ভিস লাইনের তার চুরির বিষয়গুলো তুলে ধরেন দোকান মালিক সমিতির নেতারা। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিদ্যুৎমন্ত্রী ও প্রতিমন্ত্রী।