ককটেল বিস্ফোরণের মামলায় ফারজানা ও তার দুই ভাই রিমান্ডে

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

রাজধানীর বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ও তার দুই ভাইকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত। উল্লেখ সায়লা ফারজানা পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী। 

আজ রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর গোলাম মর্তুজা আসামিদের দশ দিনের রিমান্ডের আবেদন করে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে সায়লা ফারজানার পাঁচ দিনের এবং তার দুই ভাই রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়া মামুনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করতেন। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে লোকজন একত্রিত করা ও অর্থের জোগান দিতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। 

মামলার ঘটনার সময়ও তারা ঘটনাস্থলে অন্য আসামিদের একত্রিত করে নাশকতার ষড়যন্ত্র করেছিলেন বলে আবেদনে উল্লেখ করা হয়। উল্লেখিত মামলায় গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের নাম ও ঠিকানা প্রকাশ করেছে। আসামি রেজাউল আলম শাহিনের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনা এবং অর্থের জোগান সম্পর্কে তথ্য উদ্ঘাটনে গ্রেপ্তার তিন জনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 

প্রসঙ্গত, আজ ভোরে সায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচএস এবং তার দুই ভাই রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুনকে মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর রাত ১টা ৮ মিনিটের দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী কয়েকটি মোটরসাইকেলে করে বিমানবন্দর ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং সড়কে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে থাকা ৪ জন আহত হন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত