নৌপরিবহনের সাবেক প্রধান প্রকৌশলীসহ দুজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ পিএম

সরকারি নির্দেশ অমান্য করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদনের অভিযোগে নৌপরিবহন অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম ও সাবেক উপপরিচালক শামীম উদ্দিন আহম্মেদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৯ নভেম্বর) কমিশন এই অভিযোগপত্র অনুমোদন দেয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ১ ডিসেম্বর নৌপরিবহন অধিদপ্তরের তৎকালীন প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার এ কে এম ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ সব ধরনের কার্গো ভেসেলের নকশা অনুমোদন স্থগিত রাখতে বলা হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৭ সালের ৬ জুন পর্যন্ত ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদন করেন তিনি। এ ঘটনায় সরকারি ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে কমিশন।

দুদকের তথ্য অনুযায়ী, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক নৌযানের নকশা অনুমোদনে অনিয়ম ঠেকাতে ২০১৬ সালের ৩০ জুন আট সদস্যের একটি কমিটি গঠন করেন। ওই কমিটির সুপারিশ ছাড়া কোনো নৌযানের নকশা অধিদপ্তরে গ্রহণ করা হবে না বলেও আদেশ জারি করা হয়। কিন্তু এই নির্দেশনাও উপেক্ষা করে কমিটির সুপারিশ ছাড়াই ফখরুল ইসলাম ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদন করেন।

অনুমোদন পাওয়া নৌযানগুলোর মধ্যে রয়েছে এমভি প্যারামাউন্ট, এমভি দেলোয়ার আল-বাহার, এমভি এম হোসাইন-২, এমভি হাসান আলী শেখ, এমভি হাজী মো. সফিউদ্দীন-৩, এমভি প্রভাতী দিগন্ত-৫, এমভি সানু আফনান, এমভি শাহজাদা-২, এমভি শাহজাদা-৩, এমভি শাহজাদা-৪, এমভি পূর্ণতা, এমভি দিগন্ত সানজিদা-২, এমভি বনলতা, এমভি জে আর জে-৫, এমভি আবির আরব-১, এমভি ড্রিম অব সওদাগর-১, এমভি ফুয়াদ-৩ ও এমভি ফরচুনা-থ্রি।

এ ছাড়া এমভি তাসনীম-৯, এমভি তাসনীম-১০, এমভি তাসনীম-১১, এমভি ট্রান্স ওশান-১, এমভি ফয়জুল্লাহ-১, এমভি ট্রান্স ওশান-১, এমভি ট্রান্স ওশান-২, এমভি ট্রান্স ওশান-৩, এমভি কফিল উদ্দিন-৪, এমভি রিলায়েন্স বে-১, এমভি রিলায়েন্স বে-২, এমভি সোবাহানাল্লাহ-১, এমভি ড্রিম ওশান-২, এমভি ইয়াওয়ান, এমভি সাথী-২, এমভি নারিশা-১, এমভি বুশরা বিভা-২, এমভি ফাতেমা সাত্তার-১, এমভি সারাচেন-২, এমভি মেঘনা-২, এমভি মেঘনা-৪, এমভি মেঘনা-৫, এমভি মেঘনা-৬ ও এমভি মেঘনা-৭ রয়েছে।

তালিকায় আরও রয়েছে এমভি তন্ময়-৮, এমভি এমএ বেপারী-৬, এমভি এমএ বেপারী-৭, এমভি এমএ বেপারী-৮, এমভি জহিরুল হাসান-৯, এমভি এমএসই-২, এমভি বর্ণিয় প্রিন্স-২, এমভি বন পুকুর, এমডি এক্সপ্লোরার, এমভি নয়ন শোভন-১, এমভি ফারুক-১, এমভি কটক, এমভি এফএস-১, এমভি এফএস-২, এমভি শাহানায়া শেখ, এমভি বেগম রোকেয়া-৩, এমভি আতিফ আজমাইন-১, এমভি আরহাম অ্যান্ড আবরার-১, এমভি ওরিশা মাহমুদা-১, ডিবি সাফাতউল্লাহ-১, এমভি আর আর খান, এমভি সাবিত-৪, এমভি আকিজ লজিস্টিকস-২৬, এমভি সাকসেসর-৩১, এমভি রূপসা তরী-২, এমভি রূপসা তরী-৩, এমভি বাছিত সীওয়েজ-১, এমভি বাছিত সীওয়েজ-২, এমভি বাছিত সীওয়েজ-৩, এমভি সাগর বধূ-৫ ও এমভি সাম্মী আক্তার।

এ ঘটনায় এ কে এম ফখরুল ইসলামের পাশাপাশি নৌপরিবহন অধিদপ্তরের প্রশাসন ও নকশা শাখার অবসরপ্রাপ্ত উপপরিচালক শামীম উদ্দিন আহম্মেদকেও চার্জশিটে আসামি করা হয়েছে। তারা পরস্পর যোগসাজশে নৌযানগুলোর নকশা অনুমোদন করেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, এ কে এম ফখরুল ইসলাম নিজের স্বাক্ষরে জারি করা নকশা অনুমোদন স্থগিতের আদেশ অমান্য করে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করেছেন। এ ছাড়া আট সদস্যের কমিটির সুপারিশ ছাড়া নকশা অনুমোদনের মাধ্যমে সরকারি বিধিবিধান লঙ্ঘনের অপরাধে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এ কে এম ফখরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত