প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবারের বরাদ্দ বাতিলে উকিল নোটিশ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ১৫০ টাকার দুপুরের খাবার ও বিকালের নাস্তার বাধ্যবাধকতা বাতিল ও পুষ্টিকর খাবারের বাজেট বৃদ্ধির দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক সুস্থতা, মানসিক কর্মক্ষমতা এবং সঠিক নীতিনির্ধারণী সক্ষমতা রক্ষার স্বার্থে এ নোটিশ পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের উদ্দেশ্যে আজ রবিবার এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।

নোটিশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নির্ধারিত দুপুরের খাবার ও বিকালের নাস্তার সম্মিলিত ১৫০ টাকার অভিন্ন ব্যবস্থা অবিলম্বে বাতিল করা এবং কর্মরতদের পুষ্টিকর খাবারের বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি কিংবা বাসা থেকে খাবার আনার নির্দেশ প্রদানের নির্দেশনার অনুরোধ জানিয়েছেন আইনজীবী। তবে, নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা। সম্মিলিত ১৫০ টাকা বাজেটে দুপুরের খাবার ও বিকালের নাস্তা গ্রহণ তাঁর ব্যক্তিগত জীবনযাপন, মিতব্যয়িতার প্রতীক হতে পারে। 

রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি তাঁর ব্যক্তিগত ইচ্ছা ও রাজনৈতিক বিবেচনা অনুযায়ী সম্মিলিত ১৫০ টাকায় খাবার গ্রহণের পূর্ণ স্বাধীনতা রাখেন বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে। 

নোটিশদাতা আইনজীবী আরও উল্লেখ করেছেন, বাংলাদেশের সংবিধানের ২১(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হচ্ছে সর্বদা জনগণের সেবা করার চেষ্টা করা এবং ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধন রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য। ঢাকার বর্তমান বাজারদর ও মুদ্রাস্ফীতির বাস্তবতায় মাত্র ১৫০ টাকায় দুপুরের মূল খাবার এবং বিকালের নাস্তা মিলিয়ে সুষম পুষ্টি, পর্যাপ্ত আমিষ, ভিটামিন ও ক্যালরিযুক্ত খাবার পাওয়া অসম্ভব। 

এতে বলা হয়, রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্রের কর্মকর্তাদের পর্যাপ্ত পুষ্টি থেকে বঞ্চিত রাখলে তাঁদের মধ্যে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ তৈরি হয়, যা দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ জাতীয় নীতি প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে মারাত্মকভাবে ব্যাহত করে। নোটিশে আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশ জারির দাবি জানানো হয়েছে। ব্যত্যয় হলে এ বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে উল্লেখ করেন অ্যাডভোকেট মাহমুদুল হাসান মামুন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত