২ দিয়ে শুরু করা মাহমুদউল্লাহ ৮-এ শেষ করলেন

ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মনে রাখার মতো কিছু করতে পারলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। নেমেছিলেন ১২তম ওভারে, ফিরলেন ১৫তম ওভারে।

৯ বল খেলে ১ চারে করেন ৮ রান। তার ১৪১ টি-টোয়েন্টি ক্যারিয়ার থেমেছে মায়াঙ্ক যাদবের বলে বাউন্ডারিতে রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে।

২০০৭ সালের সেপ্টেম্বরে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেন মাহমুদউল্লাহ। সেই ম্যাচে করেছিলেন ২ রান।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ১৪১ ম্যাচে ১৩০ ইনিংসে মাহমুদউল্লাহর রান হলো ২৪৪৪। সর্বোচ্চ অপরাজিত ৬৪, তার ফিফটি আছে ৮টি। উইকেট নিয়েছেন ৪১টি। মাহমুদউল্লাহর ব্যাটিং গড় ২৩.৫০, স্ট্রাইক রেট ১১৭.৩৮।