ফর্মের সঙ্গে আয়-রোজগারেও পিছিয়ে পড়ছেন কোহলি

ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলি যে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার- সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ৩৬ বছরের কোহলি বাইশ গজে এখন আর সেভাবে ধারাবাহিক নন। দীর্ঘদিন পর পার্থ টেস্টে সেঞ্চুরি করলেন। ফর্মের সঙ্গে আয় রোজগারেও পিছিয়ে পড়ছেন ভারতের তারকা ব্যাটার। ইতোমধ্যেই বাৎসরিক আয়ে তাকে ছাড়িয়ে সর্বোচ্চ বেতন পাওয়া ক্রিকেটার হয়ে গেছেন রিশাভ পান্ত।

এবারের আইপিএল নিলামে পান্তকে নিয়ে রীতিমতো টানাহেঁচড়া হয়েছে। শেষ পর্যন্ত নিলামের ইতিহাসে রেকর্ড ২৭ কোটি রুপিতে তাকে দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস। ভারতের জাতীয় দলের চুক্তি অনুযায়ী পান্ত বছরে বেতন পান ৩ কোটি রুপি (গ্রেড ‘বি’)। লখনৌ তাকে বছরে দেবে ২৭ কোটি। তাই ৩০ কোটি রুপি নিয়ে বেতনের হিসেবে পন্তই এখন সবার ওপরে। পেছনে পড়ে গেছেন বিরাট কোহলি।

৮১টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক কোহলি জাতীয় দলের চুক্তিতে ‘এ‍+’ গ্রেডে আছেন। তার বাৎসরিক বেতন ৭ কোটি রুপি। এবারের আইপিএলে তাকে ২১ কোটি রুপিতে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই তার মোট আয় ২৮ কোটি রুপি। এই তালিকায় তিন নম্বরে যিনি আছেন, জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে তার জায়গা হয়নি। তিনি হলেন ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে  প্রীতি জিনতার পাঞ্জাব কিংসে যাওয়া শ্রেয়স আইয়ার।

উল্লেখ্য, বিরাট কোহলিকে এখনো খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী বলা হয়ে থাকে। তার সম্পদের পরিমাণ নিয়ে বাজারে নানারকম গুঞ্জন আছে। যুক্তরাষ্ট্রের বিজনেস ইনসাইডারের মতে, তার সম্পদের পরিমাণ ৭৭৮ কোটি রুপি। আবার ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে, তার মোট সম্পদের আর্থিক মূল্য ১ হাজার ৫০ কোটি রুপি। তার আয়ের বড় একটি অংশ আসে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে।