ক্রাইস্টচার্চ টেস্টে ইংল্যান্ড ৪৯৯, কেন উইলিয়ামসন ৯৯৯

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০২:২০ পিএম

ক্রাইস্টচার্চ টেস্টে নিশ্চিত পরাজয়ের পথে আছে নিউজিল্যান্ড। সফরকারী ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৪৯৯ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১৫৫ রান তুলেছে স্বাগতিকরা। এতে দুই ইনিংস মিলিয়ে তাদের লিড হয়েছে মাত্র ৪ রানের। দল পরাজয়ের মুখে থাকলেও দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছেন কেন উইলিয়ামসন। পৌঁছে গেছেন একটি ম্যাজিক ফিগারেও।

কিউইদের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত একমাত্র ফিফটি এসেছে উইলিয়ামসনের ব্যাট থেকে। প্রথম ইনিংসে ৯৩ রানে আউট হয়েছিলেন এই তারকা ব্যাটার। ক্রিস ওকসের শিকার হওয়ার আগে এবার খেললেন ৮৬ বলে ৭ চারে ৬১ রানের ইনিংস। তার সামনে সুযোগ ছিল টেস্ট ক্যারিয়ারে ১০০০ চারের মাইলফলক স্পর্শ করার। কিন্তু আপাতত ৯৯৯টি বাউন্ডারি নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সাবেক কিউই অধিনায়ককে।

এই ইনিংস খেলার পথে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ব্যাটসম্যান হিসেবে ৯০০০ টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন উইলিয়ামসন। দিনশেষে ৩১ রানে অপরাজিত আছেন ড্যারি মিচেল এবং নাথান স্মিথ আছেন ১* রানে। এর আগে প্রথম ইনিংসে ৪৯৯ রান তোলে ইংল্যান্ড। হ্যারি ব্রুক খেলেছেন ১৯৭ বলে ১৫ চার ৩ ছক্কায় ১৭১ রানের ইনিংস। এছাড়া অধিনায়ক বেন স্টোকস ৮০, ওলি পোপ ৭৭ রানের ইনিংস উপহার দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত