দেখতে দেখতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শেষ হয়ে গেল। কিন্তু আইপিএলের মতো দীর্ঘমেয়াদে কোনো দল তৈরি হচ্ছে না। ফরচুন বরিশাল, রংপুর রাইডার্সের মতো দুই-একটা দল ছাড়া বাকিদের ফ্যানবেইজও নেই। এই মৌসুমে যে দল খেলছে ,পরের মৌসুমে তারা খেলবে কিকনা- তার কোনো গ্যারান্টি নেই। বিষয়গুলো নিয়ে এবার মুখ খুললেন তামিম ইকবাল।
২০২২ সালে তিন আসরের জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে দলের মালিকানা দিয়েছিল বিসিবি। এবারের আসর দিয়ে যা শেষ হয়েছে। আগামী আসর থেকে পাঁচ বছরের জন্য মালিকানা দেওয়ার কথা ভাবছে বিসিবি। সেক্ষেত্রে পুরোনো ফ্র্যাঞ্চাইজিরা চাইলে দল ধরে রাখতে পারে অথবা নতুন ফ্র্যাঞ্চাইজি আসবে। ফ্র্যাঞ্চাইজি বদলে গেলে দলও বদলে যায়। তাছাড়া বিপিএলের নিয়মের কারণেই বেশি ক্রিকেটার ধরে রাখতে পারে না দলগুলো।
গত দুই আসরে নিয়ম ছিল আগের আসর থেকে সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলো। ঠিক এ কারণেই দলগুলো বেশি ক্রিকেটার ধরে রাখতে পারে না। টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালও এই সমস্যায় পড়েছে। গতকাল ফাইনাল শেষে তাই ক্রিকেটারদেরকে ধরে রাখার নিয়মে পরিবর্তনের দাবি জানিয়ে রাখলেন বরিশাল অধিনায়ক তামিম।
সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এত কষ্ট করে একটা ফ্যানবেইজ তৈরি করেছি আমরা। প্রথম বিপিএল থেকে সবাই চায় যে, সব ফ্র্যাঞ্চাইজির একটা ফ্যানবেইজ হোক। আইপিএলের উদাহরণ দেই আমরা। সেখানে নিয়ম কখনও পরিবর্তন হয় না। তাই মূল ক্রিকেটাররা একই দলে থেকে যায়। (বিপিএলে) তিন বছরের একটা চক্র শেষ হয়েছে। পাঁচ বছরের চক্র আসবে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের মূল ক্রিকেটারদের ধরে রাখার একটা সুযোগ দেওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘আপনি যদি মাত্র একজনকে ধরে রাখেন তাহলে তো এত দিন ধরে যে (ফ্যানবেজ) গড়েছেন, সব শেষ হয়ে যাবে। তাই যদি ৫টা, ৬টা বা ৪টা... কমপক্ষে ৪ জন ধরে রাখার সুযোগ যদি দেয়, তাহলে ফ্যানবেইজ যে তৈরি হয়েছে, তা আরও বড় হবে। ক্রিকেটাররাও ওই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করবে। তাই আমি আশা করি, যখনই পরের আসরের নিয়মকানুন করবেন উনারা (বিসিবি), এই জিনিসটা যেন মাথায় রাখেন।’
মালিকানা বদলের কারণে ক্রিকেটার ধরে রাখা নিয়ে অনিশ্চয়তার বিষয়টিও সামনে আনেন তামিম, ‘যেটা সমস্যা হয়, মালিকপক্ষ বদলে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, চিটাগং এবার এক মালিক, পরের বছর আরেক মালিক। কিন্তু এটাতেও দল তো একই থাকছে, ক্রিকেটাররা একই থাকছে। তাই মালিক পরিবর্তন হোক বা না হোক, অন্য কেউ আসুক বা না আসুক, কেউ যদি চিটাগংয়ের প্রতিনিধিত্ব করে থাকে, তাহলে তাকে একই স্কোয়াডে ধরে রাখার অনুমতিটা রাখা উচিত।’
শেষে অন্তত ছয়জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ দিতে জোরালো দাবি জানিয়ে রাখেন তামিম, ‘তাদের যদি ইচ্ছে হয় যে ধরে রাখবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু মালিক বদলে যাওয়ার কারণে অন্য দলগুলো ভুগবে, এটা ঠিক নয়। তাই আমার মনে হয়, অন্তত যদি ৬ জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ যদি দেয়, তাহলে এই ধরনের ফ্যানবেজ, আপনারা যা দেখছেন, এটা আরও বড় হবে।’