আজ মঞ্চে ‘মুজিবের মেয়ে’

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১০:৫৫ পিএম

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে  কাঁচখেলা রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা ‘মুজিবের মেয়ে’র তৃতীয় প্রদর্শনী। নাসরীন মুস্তাফা রচিত ও গুণী নাট্য নির্দেশক ড. আইরিন পারভীন লোপা নির্দেশিত এই নাটকের মূলমন্ত্র চলমান বৈশ্বিক চ্যালেঞ্জকে অনুধাবন করে বাঙালির জাতিসত্তার জাগরণ। নাসরীন মুস্তাফা বলেন, ‘কেবল বাংলাদেশের মানুষ নয়, যেকোনো বাঙালির কাছে বাংলাদেশের ভালো থাকা খুব জরুরি। মুজিব না থেকেও আছেন তার সন্তানসম দেশের অস্তিত্বে। এই দেশের টিকে থাকার স্বার্থে প্রত্যেক বাঙালির সাহস জোগাতে মুজিব এখনো অপরিহার্য। মুজিবের আদর্শ চেতনায় ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে লড়াই করেন যিনি, তিনি মুজিবের মেয়ে।’ নির্দেশক লোপা বলেন, ‘কবি নান্টু রায়ের একটি কবিতা নাসরীন মুস্তাফার কলমের জাদুতে সৃষ্টি হয়েছে এক অনবদ্য মঞ্চ নাটক! কাঁচখেলা রেপার্টরির দলনেতা ওয়াহিদুল ইসলাম, প্রতিভাবান মঞ্চ অভিনেতা সায়েম সামাদসহ সবার মিলিত প্রচেষ্টার জ্যোর্তিময় প্রকাশ ‘মুজিবের মেয়ে’।’ দলনেতা ওয়াহিদুল ইসলাম বলেন, ‘‘দর্শকদের সাথে নিয়ে মঞ্চে   অভিনয়শৈলীর প্রদর্শন এবং মঞ্চের পেছনের কারিগরদের সৃষ্টিশীলতা প্রকাশ ঘটাতে করোনাকালীন দীর্ঘ এক বছরের অধিক সময় নানান চড়াই-উতরাই পার হয়ে আজ আমরা পেয়েছি আমাদের প্রাণের উপাসনালয়, আমাদের মঞ্চ! আর সেই মঞ্চে এক ঝাঁক নাট্যপ্রাণ তারুণ্যের মঞ্চসৃজন ঘটবে ‘মুজিবের মেয়ে’ নাটকে।” এ নাটকে অভিনয় করছেন সায়েম সামাদ, তাবেদার-ই-রসুল চান্নু, শামীম আহমেদ, আসমা-উল-হুসনা, মুস্তাফিজ শেখ, মুনমুন খান,  এন আই টিপু, মির্জা সম্রাট, রাফিউল ইসলাম অনিক, সেজান জামান, হাসিব হক, উজ্জ্বল এবং ওয়াহিদুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত