মালয়েশিয়ায় নিষিদ্ধ পাকিস্তানি লাইসেন্সধারী পাইলট

আপডেট : ০৩ জুলাই ২০২০, ১২:৩৬ পিএম

পাকিস্তানের অধিকাংশ পাইলটই ভুয়া লাইসেন্সধারী। সম্প্রতি দেশটির বিমানমন্ত্রী এমন মন্তব্য করার পর পাকিস্তানি পাইলটদের ওপর আপাতকালীন নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া।

দ্য সিভিল অ্যাভিয়েশন অথোরিটি অব মালয়েশিয়া- সিএএএম বৃহস্পতিবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়। সকল বিদেশি পাইলটদের ওপর মূল্যায়ন শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সিএএএম বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মালয়েশিয়াতে পাকিস্তানি পাইলটের সংখ্যা কুড়ি জনের কম।

গত ২২ মে পাকিস্তানের করাচিতে একটি বিমান দুর্ঘটনায় ৯৭ জনের মৃত্যু হয়েছিল। গত সপ্তাহে সংসদ অধিবেশনে সেই ঘটনার প্রাথমিক তদন্তের রিপোর্ট তুলে ধরার সময় দেশটির বেসামরিক বিমানমন্ত্রী গোলাম সারওয়ার খান পাকিস্তানের পাইলটদের নিয়ে বিস্ফোরক তথ্য দেন। জানান, তাদের দেশের ৪০ শতাংশ পাইলটের লাইসেন্স ‘ভুয়া’।

পাকিস্তানে মোট পাইলটের সংখ্যা ৮৬০ জন। এদের মধ্যে বিদেশি এয়ারলাইনগুলোকে কর্মরত ১০৭ জন পাইলট।

পাকিস্তানি পাইলটদের নিয়ে এমন তথ্য আসার পর তাদের ওপর বিশ্বজুড়ে নেতিবাচক প্রভাব পড়তে থাকে। অনেক বিদেশি এয়ারলাইন পাকিস্তানি পাইলটদের সনদ পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ দেয়।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও পাকিস্তানি লাইসেন্সধারী পাইলটদের সনদ পুনরায় পরীক্ষার নির্দেশনা দিয়েছে।

তবে মালয়েশিয়ার সরকারি মালয়েশিয়া এয়ারলাইনস জানিয়েছে, তাদের কোনো পাকিস্তানি পাইলট নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত