পাকিস্তানের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গোপন নথি ফাঁসের মামলায় অভিযুক্ত করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দেশটির একজন প্রসিকিউটর বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান। কারাগারটির বাইরে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির শাহ খাওয়ার বলেন, গোপন নথি ফাঁসের মামলায় ইমরানকে অভিযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ তাকে পড়ে শোনানো হয়েছে।
দুর্নীতির দায়ে গত আগস্টে ইমরানকে তিন বছরের কারাদণ্ড দিলেও পরে তার সাজা বাতিল হয়। তবে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করার অভিযোগে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়।
সরকারের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি’র এক প্রতিবেদনে বলা হয়, এই মামলা ক্যাবল ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত। এ ব্যাপারে ইমরান দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অংশ হিসেবে পাকিস্তানের ক্ষমতাধর সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।
তবে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সামরিক বাহিনী ইমরানের এমন দাবি প্রত্যাখান করেছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিও এই মামলায় অভিযুক্ত হয়েছেন। আইনজীবীরা বলছেন, এই মামলায় সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।