গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনে ১৩ জনের ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২:৩০ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং সেই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় ১৩ জন আসামির ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার সকালে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা জজ) জয়নাল আবদিন এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ৯ আসামিকে আদালতে হাজির করা হয়। বাকি চার আসামি পলাতক রয়েছেন।

এ মামলায় ১৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পরে স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে মামলার থেকে অব্যাহতি দিয়ে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।

উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জে স্থানীয় দেলোয়ার হোসেন ওরফে দেলু তার সাঙ্গপাঙ্গ নিয়ে গৃহবধূকে নির্যাতন করে বিবস্ত্র করে ভিডিওচিত্র ধারণ করে। ৬ অক্টোবর ভুক্তভোগী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় অভিযুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন...মানিকগঞ্জে নববধূ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত