জমির বিরোধে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২:৫০ পিএম

জমি ও পারিবারিক বিষয়াদি নিয়ে দ্বন্দ্বে নেত্রকোনার আটপাড়ায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক পিয়াস মিয়া (১৯) নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার বিকেলে সহিংসতার পর ওই দিন রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

উপজেলার বানিয়াগাতী গ্রামের মৃত মজুর মিয়া ছেলে পিয়াস চলমান এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। ঘটনার দিনও পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।

এ ঘটনায় ভগ্নিপতি উপজেলার শ্রীরামপাশা গ্রামের মৃত লালু ফকিরের ছেলে সুনু ফকির (৪৫) এবং তার স্ত্রী ও নিহতের বোন মোছা. হেনা আক্তারকে (৩০) আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার ওসি জাফর ইকবাল। তিনি জানান, আটক দুজন আটপাড়া থানা-পুলিশের হেফাজতে নেত্রকোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখনো অভিযোগ পায়নি। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৫টার দিকে ওয়ারিশানা পাওনা নিয়ে পিয়াসের মা রুমেলা আক্তারের (৫০) সঙ্গে মেয়ে হেনা ও জামাই সুনু ফকিরের তর্কাতর্কি বাধে। তাদের বাগ্‌বিতণ্ডার মধ্যে মেয়ে ও জামাইয়ের সঙ্গে শাশুড়ির (পিয়াসের মা) ধাক্কাধাক্কি ঘটনা ঘটে।

এ সময় মাকে ফিরিয়ে আনার সময় ভগ্নিপতির ছুরিকাঘাতে পিয়াস গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত