ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই যাত্রী।
শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের জান মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), আক্কাস আলীর ছেলে আমজাদ হোসেন (৩০) ও শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২)।
আহতরা হলেন- শাহবাজপুর গ্রামের জালু মিয়ার ছেলে খেজুর মিয়া (৪৫) ও কালা মিয়ার ছেলে কামাল মিয়া (৪০)। হতাহতরা ইটভাটার শ্রমিক ও অটোরিকশার চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সোয়া ৫টার দিকে অটোরিকশাটি বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার একটি ইটভাটার দিকে যাচ্ছিল।
ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার তিন আরোহী। গুরুতর আহত হন অটোরিকশার আরও দুই আরোহী।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন...কক্সবাজারে পর্যটকদের নিয়ে গলাকাটা বাণিজ্য, আলুভর্তার প্লেট ৩০০ টাকা!
