শীতের আমেজ শুরু হয়ে গেছে। পুরো শীতকালে চলে নানা ধরনের পিঠা খাওয়ার রীতি। শীতের শুরুতে পিঠার রেসিপি দিয়েছেন ইসরাত জাহান
হাতে কাটা সেমাই
উপকরণ
আতপ চালের গুঁড়ো ২ কাপ, চিনি আধা কাপ, ময়দা সিকি কাপ, পানি এক কাপের চার ভাগের তিন ভাগ, লবণ আধা চা চামচ।
পুর তৈরি : নারিকেল কোরা ২ কাপ ও গুড় ১ কাপ একসঙ্গে জ¦াল দিয়ে পুর তৈরি করে রাখুন।
যেভাবে তৈরি করবেন
১. চুলায় দেড় কাপ পানি ফুটিয়ে আধা চা চামচ লবণ দিয়ে তারপর ১ কাপ ময়দা দিয়ে কিছুক্ষণ নেড়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ৫ মিনিট ঢেকে রেখে দিন।
২. একটু ঠান্ডা হলে ভালো করে ময়ান দিয়ে চিকন ফিতার মতো বানিয়ে হাত দিয়ে চিকন সেমাইয়ের মতো কাটুন।
৩. একটা হাঁড়িতে ১ লিটার দুধ জ¦াল দিয়ে তার মধ্যে আধা কাপ খেজুর গুড় ও আধা কাপ চিনি দিয়ে নাড়তে থাকুন।
৪. যখন ফুটে উঠবে তখন অল্প অল্প করে সেমাই দিয়ে দিন। একসঙ্গে দেওয়া যাবে না। অল্প অল্প করে দিতে হবে, নয়তো দলা পাকিয়ে যাবে। কিছুক্ষণ রেখে সেদ্ধ হয়ে মাঝারি ঘনত্বের হলে নামিয়ে পরিবেশন করুন।
বিন্দানি পিঠা
উপকরণ
ময়দা ১ কাপ, লবণ ১ চা চামচ, তেল ১ টেবিল চামচ, পানি ১ কাপ, তেল ১ কাপ, চিনি আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
১. ময়দায় লবণ মিশিয়ে তারপর পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করে নিন।
২. এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভাঁজে ভাঁজে পরোটার ডোর মতো ভাঁজ করে ১৫ মিনিট ঢেকে রাখুন।
৩. ডো দিয়ে রুটি বেলে কুকি কাটার দিয়ে কেটে পরপর তিনটি একসঙ্গে টুথপিক দিয়ে মাঝখানটা গেঁথে ডুবো তেলে ভাজুন।
৪. এক কাপ পানি ও এক কাপ চিনি একসঙ্গে জ¦াল দিয়ে ঘন সিরা বানান।
৫. ভেজে রাখা পিঠা সিরায় ডুবিয়ে নিন। পরিবেশনের সময় ওপরে বাদাম ছিটিয়ে পরিবেশন করুন।
নারিকেলের ভাপাপুলি
উপকরণ
আতপ চালের গুঁড়ো ২ কাপ, ময়দা সিকি কাপ, পানি এক কাপের চার ভাগের তিন ভাগ, লবণ আধা চা চামচ।
পুর তৈরি : নারিকেল কোরা ২ কাপ ও গুড় ১ কাপ একসঙ্গে জ¦াল দিয়ে পুর তৈরি করে রাখুন।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে পানি চুলায় দিয়ে ফুটে উঠলে লবণ দিন। তারপর ময়দা ও চালের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চুলা বন্ধ করে ৫ মিনিট ঢেকে রাখুন। একটু ঠান্ডা হলে ভালো করে ময়ান করে ছোট ছোট লেচি কেটে মোটা করে বেলে নিন।
২. বানানো হলে ওপরে নারিকেল পুর দিয়ে পেঁচিয়ে কুলি পিঠার ডিজাইন করে আটকে দিন।
৩. এরপর ভাপে ১০ থেকে ১৫ মিনিট সেদ্ধ করে ঠান্ডা হলে পরিবেশন করুন।
ক্ষীরের পাটিসাপটা
উপকরণ
চালের গুঁড়ো ৩ কাপ, ময়দা আধা কাপ, ডিম ১টি, গুড় ৭০০ গ্রাম।
ক্ষীর তৈরি : দুধ ২ লিটার, চিনি আধা কাপ, চালের গুঁড়ো ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. দুধ ফুটাতে দিন। মাঝেমধ্যে দুধ ভালো করে নাড়–ন। দুধ শুকিয়ে অর্ধেক হলে সিকি কাপ দুধ তুলে রাখুন।
২. বাকি দুধে ১ টেবিল চামচ চিনি দিয়ে জ¦াল দিয়ে আরও একটু ঘন করে নিন। তিন-চারবার ফুটে উঠলে নামিয়ে রাখুন।
৩. তুলে রাখা দুধের মধ্যে চালের গুঁড়ো দিয়ে চুলায় দিন। ঘন ঘন নাড়তে থাকুন।
৪. গুড় ভেঙে ১ কাপ পানিতে গুলিয়ে রাখুন। চালের গুঁড়ো, ময়দা, গুড় ও ডিম দিয়ে গোলা তৈরি করে নিন। যেন বেশি পাতলা বা ঘন না হয়ে যায়। মাঝারি ঘনত্বের হলে ভালো হয়।
৫. ফ্রাইপ্যানে ঘি ব্রাশ করে এর মধ্যে আধা কাপ গোলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা রুটি করে রুটির কিনারা উঠে আসছে এমন সময় ১ টেবিল চামচ ক্ষীর দিয়ে পিঠা একপাশ থেকে মুড়িয়ে মুড়িয়ে রোল বানিয়ে ২ মিনিট ঢেকে তারপর তুলে নিন।
ঝুরা মাংসের পিঠা
উপকরণ
রান্না করা গরু বা মুরগির মাংসের ঝুরা ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ৫টি, চালের গুঁড়ো ২ কাপ, লবণ আধা চা চামচ, পানি ২ কাপ।
যেভাবে তৈরি করবেন
১. চুলায় ২ কাপ পানি ও লবণ ফুটিয়ে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে ১০ মিনিট জ¦াল দিয়ে ময়ান করে রাখুন।
২. কিছুটা ঠান্ডা হলে গোল বল বানিয়ে রুটি বেলে নিন।
৩. এবার রুটির একপাশে মাংসের পুর দিয়ে পেঁচিয়ে কেটে অর্ধচন্দ্রাকার করে পিঠা বানিয়ে রাখুন।
৪. বানানো পিঠা ডুবো তেলে মচমচে করে ভেজে পরিবেশন করুন।
ভাপা পিঠা
উপকরণ
সেদ্ধ চালের গুঁড়ো ৮ কাপ, লবণ আধা চা চামচ, খেজুর গুড় ৩০০ গ্রাম, নারিকেল কোরা ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে চালের গুঁড়ো, পানি ও লবণ ছিটিয়ে একটু ভেজা ভেজা করে তারপর তারের চালুনি দিয়ে চেলে নিন।
২. এরপর ছোট বাটিতে চালের গুঁড়ো দিয়ে তার মধ্যে নারিকেল কোরা ও গুঁড়ো দিয়ে এর ওপরে আবার চালের গুঁড়ো দিয়ে ডেকে দিন।
৩. এবার ভাপা পিঠা বানানোর পাতিলে দিয়ে ঢেকে ১০ মিনিট ঢাকনা দিয়ে রেখে নামিয়ে পরিবেশন করুন ভাপা পিঠা।