চুলের সমস্যা বর্ষায় কয়েক গুণ বেড়ে যায়। একে তো বৃষ্টিতে ভিজে চুল স্যাঁতসেঁতে হয়ে যায়। তার ওপর বৃষ্টি না হওয়ার দিনগুলোতেও ভ্যাপসা গরমে ঘামে ভেজে চুল। জলীয় আবহাওয়ার কারণে চুল তার স্বাভাবিক আর্দ্রতা হারায়। ব্যস্ততার কারণে পারলারে চুলের পরিচর্যা করার সময় পান না অনেকে। তবে খুব সহজলভ্য উপাদান দিয়ে ঘরোয়া উপায়ে প্যাক তৈরি করলে বর্ষায় চুলের যত্ন সহজে নেওয়া যায়।
দই-মধু-মেথি
পানিতে সারা রাত মেথি ভিজিয়ে রাখুন। তারপর তা ব্লেন্ডারে পিষে তার সঙ্গে টক দই ও মধু মিশিয়ে নিন। গোসলের আগে মাথায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।
নিম জল
নিমপাতা ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে ফুরিয়ে যাওয়া শ্যাম্পুর বোতলে ভরে রাখুন। সপ্তাহে দুবার শ্যাম্পু ও কন্ডিশনারের পর এই পানি দিয়ে ধুয়ে নিন চুল। চুল পড়বে কম। সঙ্গে জেল্লাও বাড়বে।
দই, মধু, লেবুর রস
এক চামচ দই, এক চামচ মধু ও একটি লেবুর রসের মিশ্রণ চুলে মাখিয়ে নিন গোসলের আগে। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে শ্যাম্পু করে নিন। কন্ডিশনার দিতে ভুলবেন না। বর্ষায় চুল পড়ার সমস্যা দূর হবে এই প্যাক ব্যবহারের ফলে।
অ্যালোভেরা
অ্যালোভেরার পাতা চিরে তার শাঁসটা বার করে নিন। চুলের আগা থেকে গোড়া এই শাঁস লাগান ও মাথার ত্বকে আঙুলের সাহায্যে মালিশ করুন। ঘণ্টা দু-এক রেখে তারপর শ্যাম্পু করে নিন।