ডোপ পাপে নিষিদ্ধ হচ্ছেন কাজী অনিক?

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ০১:৫৯ এএম

আইসিসি থেকে এক বছরের জন্য (স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছর) নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব আল হাসান। সে ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে এল আরেক খবর। এবার নিষিদ্ধ হতে পারেন প্রতিশ্রুতিশীল তরুণ পেসার কাজী অনিক।

অবশ্য ফিক্সিং কেলেঙ্কারি নয়, ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নিষিদ্ধ হতে পারেন এই ২০ বছর বয়সী। এমন খবরই দিয়েছে সংবাদমাধ্যম ক্রিকবাজ।

৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার অনিক ৪টি প্রথম শ্রেণির ম্যাচ, ২৬টি লিস্ট এ ম্যাচ ও ৯টি ঘরোয়া স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছেন। যেখানে ভারতের বিপক্ষে ম্যাচে তার দ্রুতগতির এক বল নিয়ে আলোচনা হয়েছিল খুব।

ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, জাতীয় লিগ চলাকালে ডোপ টেস্টে পজিটিভ হন অনিক। যেখানে ঢাকা মেট্রোর স্কোয়াডে ছিলেন তিনি। শাস্তি হিসেবে নিষেধাজ্ঞা তো আসছেই, একই সঙ্গে বিসিবির ‘এইজ গ্রুপ’ কাঠামো থেকেও বাদ পড়ছেন এই পেসার। এই কারণেই তার নাম ছিল না বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ক্রিকবাজকে বলেন, ‘আমরা মেডিকেল টিমের কাছ থেকে জানতে পেরেছি সে (অনিক) এনসিএল চলাকালে ডোপ টেস্টে পজিটিভ হয়েছে। আমরা তাই এরপরই তাকে আর এনসিএলে বিবেচনা করিনি। একই সঙ্গে প্লেয়ার্স ড্রাফটেও তার নাম না রাখার সিদ্ধান্ত নিই।’

মিনহাজুল যোগ করেন, ‘সে আমাদের বেশ কিছু কর্মসূচির অংশ ছিল। কিন্তু পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা তাকে সবকিছু থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

বিসিবির অ্যান্টি ডোপিং আইনের ১০.৩.২ ধারার ২.৪ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, এমন অপরাধ করলে কোনো ক্রিকেটারের প্রথম অপরাধের ক্ষেত্রে অপরাধ অনুযায়ী দুই থেকে কমপক্ষে এক বছর নিষিদ্ধ হবেন সংশ্লিষ্ট ক্রিকেটার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত