‘অঘোষিত ফাইনালে’ ইংল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে উইন্ডিজ

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০৪:৩৭ পিএম

স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। এর আগে একটি করে ম্যাচে জয় পাওয়ায় ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হওয়া টেস্টটি সিরিজের অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।

সাউদাম্পটনে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের জয়ে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টে ১১৩ রানে জিতে ১-১ সমতা ফেরায় ইংল্যান্ড।

করোনার কারণে ‘বায়ো-সিকিউর’ নিয়ম ভেঙে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়া পেসার জোফরা আর্চার তৃতীয় টেস্টের ইংল্যান্ড দলে রয়েছেন।

তবে বাদ পড়েছেন টপ-অর্ডার ব্যাটসম্যান জ্যাক কাউলি ও পেস বোলিং অলরাউন্ডার স্যাম কুরানকে। চোট শঙ্কা কাটিয়ে দলে ফিরেছেন ক্রিস ওকস ও পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস।

কোনো পরিবর্তন নেই ওয়েস্ট ইন্ডিজ দলে। দ্বিতীয় টেস্টে অফ স্পিনার রাহকিম কর্নওয়েলকে চোটে ভুগতে দেখা গেলেও একাদশে রয়েছেন তিনি।

টেস্টটিতে জয় পেলে ৩২ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাঠে টেস্ট সিরিজ জয়ের উল্লাসে মাতবে ওয়েস্ট ইন্ডিজ।

করোনার কারণে সিরিজের আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও গ্যালারিতে কোনো দর্শক থাকছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত