শেখ রাসেল আন্তর্জাতিক শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন বাকী

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০৫:২৪ পিএম

করোনার কারণে দীর্ঘদিন রাইফেল হাতে প্র্যাকটিস করতে পারেননি। মাঝে ফেডারেশন কর্মকর্তাদের দ্বন্দ্বে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে হাজিরাও দিতে হয়েছে। এত কিছুর পরও দীর্ঘ বিরতি কাটিয়ে প্রথম প্রতিযোগিতাতেই পদক জিতে নিলেন দেশ সেরা শুটার আবদুল্লাহ হেল বাকী।

রবিবার শেখ রাসেল অনলাইন আন্তর্জাতিক শুটিং চ্যাম্পিয়নশিপে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন বাকী। তার স্কোর ৬১৭.৩।

এই ইভেন্টে ৬২৩.৮ পয়েন্ট স্কোর করে রুপা জিতেছেন ভারতের শাহু তুষার মানে। ৬৩০.৯ স্কোর করে সোনা জিতেছেন জাপানের নায়ো ওকাদা।

বাকি ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বাংলাদেশের সৈয়দা আতকিয়া হাসান দিশা। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে হতাশ করেছেন তিনি। ৬১৬.৪ করে ছয়জনের মধ্যে হয়েছেন পঞ্চম।

৬২৭.৫ স্কোর করে এই ইভেন্টে সোনা জিতেছেন ভারতের ইলাভেরিন ভালারিভান। ৬২২.৬ পয়েন্ট স্কোর করে রুপা জিতেছেন জাপানের শিরোই হিরাতা। আর ব্রোঞ্জ জিতেছেন ইন্দোনেশিয়ার শুটার বিদ্যা রাফিকা। তার স্কোর ৬২১.১।

বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতায় সোনা জয়ী প্রত্যেক শুটার পাচ্ছেন ১০০০ ইউএস ডলার। রুপাজয়ী ৭০০ ডলার এবং ব্রোঞ্জ জয়ী ৫০০ ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত