লক্ষ্যটা নাগালেই রাখল তামিম একাদশ

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০৭:৪৭ পিএম

ফাইনালে খেলতে হলে জিততেই হবে। এমন ম্যাচে লক্ষ্যটা নাগালেই রেখেছে তামিম একাদশ। বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে নাজমুল একাদশকে ১৬৫ রানে গুটিয়ে দিয়েছে তামিমের দল।

১.৩ ওভার বাকি থাকতেই শেষ হয় নাজমুলদের ইনিংস। বৃষ্টি আইনে তামিমদের সামনে লক্ষ্য নির্ধারণ হয়েছে ৪১ ওভারে ১৬৪।

দুর্দান্ত বোলিংয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ৫ উইকেট নিয়েছেন। তিন দলের এই বিসিবি প্রেসিডেন্টস কাপে প্রথমবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন কোনো বোলার।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল নাজমুল একাদশ। শুরুটা তাদের মোটেও ভালো ছিল না। ২৩ রানে হারিয়ে বসে টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে।

চতুর্থ উইকেটে আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে লড়াই শুরু করেন মুশফিকুর রহিম। মাঝে বৃষ্টির হানায় খেলা বন্ধ থাকে দীর্ঘক্ষণ। পরে ম্যাচ নেমে আসে ৪১ ওভারে। মুশফিক-আফিফ জুটি যোগ করেন ৯০ রান।

২৯তম ওভারে ৭৫ বলে ৫১ রান করা মুশফিককে ফিরিয়ে জুটি ভাঙেন পেসার সাইফউদ্দিন। ৬১ বলে ৪০ রান করা আফিফকে ফেরান মেহেদি। এরপর সাইফউদ্দিন-মোস্তাফিজ তোপে ভেঙে পড়ে নাজমুল একাদশের ইনিংস। শেষ ৫০ রান যোগ করতে ৬ উইকেট হারায় দলটি।

মুশফিক-আফিফের পর তৃতীয় সর্বোচ্চ ১৩ রান আসে তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে। ১২ রানে অপরাজিত ছিলেন নাসুম আহমেদ।

৮.৩ ওভার বল করে ২৬ রান খরচায় ৫ উইকেট নেন সাইফউদ্দিন। মোস্তাফিজ ৩টি ও মেহেদী নিয়েছেন ২ উইকেট।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে লিগ পর্বে এটি শেষ ম্যাচ। তামিম একাদশ হেরে গেলে নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ ফাইনালে চলে যাবে। আর তামিম একাদশ জিতলে তিন দলের পয়েন্ট হবে সমান। সে ক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকা দুই দল শুক্রবার ফাইনাল খেলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত