দারুণ এক ড্রাইভে ধনাঞ্জয়া ডি সিলভার বলটি এক্সট্রা কাভার দিয়ে মাঠের বাইরে পাঠালেন। পৌঁছে গেলেন সেঞ্চুরির ল্যান্ড মার্কে। কিন্তু নাজমুল হোসেন শান্তর উদযাপনে তেমন উল্লাস নেই। শুধু হেলমেট খুললেন। ড্রেসিংরুমে সতীর্থদের দিকে তাকিয়ে দিলেন চওড়া হাসি। সেই হাসিই আসলে বলে দিচ্ছিল এই সেঞ্চুরিটার মহিমা কতখানি!
বুধবার ক্যান্ডির পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে শান্ত তুলে নিলেন এই শতক। শুধু টেস্ট ক্যারিয়ারেই নয়, আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেই শান্তর এটি প্রথম সেঞ্চুরি।
দিনের শুরতেই সাইফ হাসান (০) ফিরে যাওয়ার পর উইকেটে এসেছিলেন। তামিম ইকবালের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৪৪ রানের জুটি উপহার দেন। তামিম ব্যক্তিগত ৯০ রানে ফিরলেও অধিনায়ক মুমিনুল হকের সঙ্গেও তৃতীয় উইকেট দারুণ এক জুটি গড়েছেন শান্ত। সুবাদে প্রথম টেস্টের প্রথম দিনটা পুরোপুরি নিজেদের করেছে নিয়েছে বাংলাদেশ।
২ উইকেটে ৩০২ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। শান্ত ১২৬ রানে অপরাজিত আছেন। এখন পর্যন্ত ২৮৮ বলের ইনিংসে ১৪টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ১ ছক্কা।
শান্তর সঙ্গে অপরাজিত ৬৪ রানে দিন শেষ করেছেন অধিনায়ক মুমিনুল হক। এছাড়া ওপেনার তামিম ইকবাল ৯০ রান করেন।
২৩৫ বলে সেঞ্চুরি পূরণ করেছেন শান্ত। এই সময়ে ১২টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ১টি ছক্কা। এর আগে ১২০ বলে পূরণ করেছিলেন ফিফটি। উইকেটে ধৈর্যর পরীক্ষা যেমন দিয়েছেন, তেমনি বাজে বলগুলোতে দিয়েছে উপযুক্ত জবাব।
বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম প্রতিভাবান হিসেবে বিবেচিত নাজমুল হোসেন শান্ত। তার কাছে প্রত্যাশাটা একটু বেশিই সবার। সাকিব আল হাসান নিষেধাজ্ঞা থেকে ফেরার পরও ব্যাটিং পজিশনে তিন নম্বর জায়গাটা শান্তকে দিতে ভাবেননি কোচ রাসেল ডমিঙ্গো।
কিন্তু ২২ বছর বয়সী শান্ত এসবের প্রতিদান দিতে পারছিলেন না মোটেও। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যর্থ হলেন। নিউজিল্যান্ড সফরে তাই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির মধ্যে শেষ টি-টোয়েন্টি ছাড়া বাকিগুলোতে দর্শক হয়ে থাকতে হয় তাকে।
সব বিবেচনায় শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটা শান্তর জন্য অগ্নিপরীক্ষা হয়েই হাজির হয়েছে। সেই পরীক্ষার প্রথম ধাপে তিনি উতরে গেলেন দারুণভাবে।
আগের ৬ টেস্টের ১১ ইনিংসে সাকল্যে একটা মাত্র ফিফটি ছিল শান্ত। ৮ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলে তো একটা ফিফটিটাও করতে পারেননি। সব মিলে শান্তর আন্তর্জাতিক ক্যারিয়ারটা হয়ে যাচ্ছিল হতাশার প্রতিচ্ছবি।
পাল্লেকেলের এই সেঞ্চুরি কি সেখান থেকে বেরোনোর পথ দেখাবে শান্তকে?
আরো পড়ুন
