বয়স তার মাত্র দুই বছর। এখনই মহামারি করোনাকে পরাস্ত করার বিপুল প্রাণশক্তি অর্জন করেছে সে। হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে পরাস্ত করেছে করোনাকে। সুস্থ হয়ে ফিরে গেছে বাড়ি। ছোট্ট মেয়েটিই যেন করোনোর বিরুদ্ধে মানুষের লড়াইয়ের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে।
সুস্থ হয়ে তার হাসপাতাল থেকে বের হওয়ার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেইসবুকে।
জানা গেছে, ভারতের সিদ্ধার্থনগর জেলায় কভিড-১৯ থেকে মুক্ত হয়ে দুই বছরের মেয়েটি বৃহস্পতিবার হাসপাতাল ছাড়ে। তাকে হাসপাতালের সবাই সংবর্ধনা দেয়।
ভারতীয় গণমাধ্যমের খবর, মে মাসের ১৩ তারিখ এক ব্যক্তি ও তার স্ত্রী মুম্বাই থেকে তাদের শিশু সন্তানসহ বুরদপুর ব্লকের গ্রাম পঞ্চায়েত বুরদপুরে আসে। সেখানে দুই বছরের মেয়েটির করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর ওই শিশুকে স্থানীয় কমিউনিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
মা-বাবা ছাড়া শিশুর চিকিৎসা দিতে গিয়ে বিপাকে পড়ে যান চিকিৎসকরা। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওই শিশুর মাকে তার সঙ্গে ১৪ দিনের আইসোলেশনে রাখার সিদ্ধান্ত হয়।
দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মেয়ের করোনা নেগেটিভ আসলে তাকে দায়িত্বরত চিকিৎসক ডা. সুবোধ চন্দ্র পরিবারের সদস্যদের কাছে ফিরে যেতে বলেন। তবে তাকে এবং তার পরিবারের সদস্যদের ২১ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়।
বৃহস্পতিবার যখন মেয়েটি সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসছিল, তখন তার ছোট্ট মুখ দেখে আশাবাদী হয়ে ওঠে হাসপাতালের সবাই। তাদের চোখে-মুখে ফুটে ওঠে বিজয়ের আনন্দ।
খবর: গোরাখপুর নিউজলাইন ডটকম।
