ভারতে দীর্ঘ সময় অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা ও নিবন্ধন সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’ অনুযায়ী, নির্ধারিত সময়ের বেশি ভারতে থাকতে চাইলে বিদেশিদের আগের চেয়ে আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সোমবার (১ জুন) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসাধারীদের এখন ১৮০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে। আগে ভারতে আগমনের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ ছিল। নতুন নিয়মে সেই সুবিধা বাতিল করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, অভিবাসন ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং বিদেশি নাগরিকদের অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যেই এ পরিবর্তন আনা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, ১৮০ দিনের বেশি মেয়াদের ভিসাধারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে, যদি তাদের একটানা বা একটি ক্যালেন্ডার বছরে মোট অবস্থান ১৮০ দিনের বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এ ছাড়া বিশেষ জরুরি পরিস্থিতি ছাড়া ১৮০ দিনের বেশি অবস্থানের অনুমতি না দেওয়ার কথাও স্পষ্ট করেছে ভারত সরকার। ফলে অতিরিক্ত সময় থাকার অনুমোদন পাওয়ার সুযোগ আগের তুলনায় সীমিত হলো।
সংশোধিত নিয়মে বিদেশি নাগরিকদের সন্তান জন্মসংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়েছে। আগে ভারতে কোনো বিদেশি দম্পতির সন্তান জন্ম নিলে ৩০ দিনের মধ্যে বিষয়টি নিবন্ধন কর্মকর্তাকে জানানো বাধ্যতামূলক ছিল। তবে এখন যদি শিশুর বাবা বা মা দুজনের একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তাহলে ওই বাধ্যবাধকতা থাকবে না।
তবে পরবর্তীকালে শিশুটি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে বাবা বা মায়ের একজনকে ৩০ দিনের মধ্যে তা কর্তৃপক্ষকে জানাতে হবে।
নতুন বিধিমালায় হাসপাতাল, নার্সিং হোম ও আবাসন-সুবিধাসংবলিত চিকিৎসা প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ ও রিপোর্টিং প্রক্রিয়াও হালনাগাদ করা হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ায় বিদেশিদের ভিসার মেয়াদ শেষ হওয়ার অপেক্ষা না করে আগেভাগেই প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় আইনি জটিলতায় পড়ার ঝুঁকি থাকবে।
