ইন্দোনেশিয়ায় ১৮৮ আরোহীসহ সাগরে বিমান বিধ্বস্ত

আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ০২:২৬ পিএম

ইন্দোনেশিয়ায় ১৮৮ আরোহীসহ একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির রাজধানী জাকার্তা থেকে উড়ার পরপরই লায়ন এয়ারের বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার সকাল ৬টা ২০ মিনিটে জেটি ৬১০ ফ্লাইটটি ব্যাংক বেলিতুং আইল্যান্ডস প্রদেশের প্রধান শহর পঙ্কল পিনাংয়ের উদ্দেশে যাত্রা শুরু করে।

উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমান বিধ্বস্তের কারণ এবং আরোহীদের কেউ বেঁচে আছে কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অনুসন্ধান ও উদ্ধারকারী এজেন্সির মুখপাত্র ইউসুফ লতিফ বার্তা সংস্থা এএফপিকে জানান, বিধ্বস্ত বিমানটি সমুদ্রে ৩০ থেকে ৪০ মিটার গভীরে ডুবে যায়। এর ধ্বংসাবশেষ উদ্ধারে অভিযান চলছে। দুর্ঘটনাস্থল থেকে আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন জিনিস পাওয়া গেছে।

এজেন্সির প্রধান মুহাম্মদ সায়ুগি বলেন, ‘আমরা জানি না- কেউ বেঁচে আছে কি না। আমরা আশা করছি, প্রার্থনা করছি। তবে নিশ্চিত কিছু বলতে পারছি না।’

বিধ্বস্ত বিমানটি বোয়িংয়ের নতুন মডেল ৭৩৭ ম্যাক্স ৮ ব্রান্ডের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত