সিপিবির এক পা নির্বাচনে আরেক পা আন্দোলনে: সেলিম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ০৯:২৯ পিএম

আগামী নির্বাচনকে আন্দোলনের অংশ উল্লেখ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘সিপিবির এক পা নির্বাচনে আর আরেক পা আন্দোলনে’। শনিবার পুরানা পল্টনের মুক্তিভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এ সময় সিপিবির ৭৪ আসনে কাস্তে মার্কার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন সেলিম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো উৎসব নয় মন্তব্য করে সেলিম বলেন, ‘এই নির্বাচন শুধু আনুষ্ঠানিকতা নয়, উৎসবও নয়। এই নির্বাচনের অন্যতম তাৎপর্য হলো, এই দেশ আগামী দিনে কীভাবে চলবে সে বিষয়ে জনগণের ম্যান্ডেড নেয়া।’

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘দেশ কীভাবে চলবে সে বিষয়ে এখনো আলোচনা দেখছি না। বরং তথাকথিত বড় দলগুলো ব্যস্ত দলছুট করে কাকে কীভাবে দলে আনা যায়, ফরম বিক্রি ও অন্য কীভাবে টাকা আয় করা যায়, তা নিয়ে।

নৌকা ও ধানের শীষকে একই পন্থার দাবি করে সেলিম বলেন, লুটপাটের চলতি সিস্টেম তারা বহাল রাখতে চায়। এরা ১ শতাংশ মানুষের স্বার্থ রক্ষাকারী আর বাম জোট ৯৯ শতাংশ মানুষের স্বার্থ রক্ষায়। সেই সংগ্রামের অংশ হিসেবে এক পা নির্বাচনে, আরেক পা আন্দোলনে।’

সিপিবি থেকে এবারের নির্বাচনে নবম জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে দ্বিগুণ বেশি প্রার্থী অংশ নিচ্ছে। সেলিম জানান, সিপিবির ৭১ এবং বাম গণতান্ত্রিক জোটের হয়ে ইউনাইটেড কমিউনিস্ট লীগের একজন, গণমুক্তি ইউনিয়নের একজন এবং শ্রমজীবী সংঘের একজনসহ ৭৪ জন কাস্তে মার্কায় নির্বাচনে অংশ নেবেন।

মুজাহিদুল ইসলাম সেলিম জানান, এবার কেন্দ্রীয় কমিটির নেতাদের ১৬ জন এবং সভাপতিমণ্ডলীর পাঁচজন ভোটের লড়াইয়ে নামছেন। এছাড়া জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক পর্যায়ের ১২ জন এ নির্বাচনে অংশ নিচ্ছেন।

সিপিবি সভাপতি বলেন, “আমরা শুধু কাস্তে মার্কায় নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করব তাই না, আমাদের জোটের অন্যান্য শরিকদের জন্য কোদাল ও মই মার্কায় যারা নির্বাচন করছে, তাদের বিজয়ী করার জন্য এ নির্বাচনী সংগ্রামে অংশ নেব।” বাম গণতান্ত্রিক জোট থেকে মোট ১৪০ জন এ নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এ সময় প্রার্থীদের মধ্যে কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ আল ক্বাফী, আহসান হাবীব লাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

সিপিবি মনোনীত চূড়ান্ত প্রার্থী যারা:

রংপুর বিভাগ: পঞ্চগড়-২ আসনে আশরাফুল আলম, ঠাকুরগাঁও-৩ আসনে প্রভাত সমীর শাজাহান আলম, দিনাজপুর-৩–এ বদিউজ্জামান বাদল, দিনাজপুর-৪ রিয়াজুল ইসলাম রাজু, রংপুর-৬ অধ্যাপক কামরুজ্জামান, কুড়িগ্রাম-২ উপেন্দ্র নাথ রায়, কুড়িগ্রাম-৩ দেলোয়ার হোসেন, গাইবান্ধা-২ মিহির ঘোষ ও গাইবান্ধা-৫ আসনে যজ্ঞেশ্বর বর্মণ।

রাজশাহী বিভাগ: বগুড়া-৫ আসনে সন্তোষ পাল, বগুড়া-৬ আমিনুল ফরিদ, নওগাঁ-৪ ডা. ফজলুর রহমান, রাজশাহী-২ এনামুল হক ও সিরাজগঞ্জ-৩ শেখ মোস্তফা নূরুল আমিন।

খুলনা বিভাগ: কুষ্টিয়া-২ আসনে অধ্যাপক ওয়াহেদুজ্জামান পিন্টু, বাগেরহাট-২ খান সেকেন্দার আলী, বাগেরহাট-৪ শরীফুজ্জামান শরীফ, খুলনা-১ অশোক সরকার, খুলনা-২ এইচ এম শাহাদাৎ, খুলনা-৫ চিত্ত রঞ্জন গোলদার, খুলনা-৬ সুভাষ ছানা মহিম এবং সাতক্ষীরা-১ আসনে মো. আজিজুর রহমান।

বরিশাল বিভাগ: পটুয়াখালী-১ মতলেব মোল্লা, পটুয়াখালী-২ শাহাবুদ্দিন আহমেদ, ভোলা-১ অ্যাড. সোহেল আহমেদ, পিরোজপুর-১ ডা. তপন বসু, পিরোজপুর-২ হাজি হামিদ, পিরোজপুর-৩ দিলীপ কুমার পাইক।

ময়মনসিংহ বিভাগ: জামালপুর-২ আসনে মনজুরুল আহসান খান, জামালপুর-৩ শিবলুল বারী রাজু, জামালপুর-৫ আলী আক্কাস, শেরপুর-১ আফিল শেখ, ময়মনসিংহ-৩ হারুন আল বারী, ময়মনসিংহ-৪ এমদাদুল হক মিল্লাত, নেত্রকোনা-১ আলকাছউদ্দিন মীর, নেত্রকোনা-২ মোশতাক আহমেদ, নেত্রকোনা-৩ অধ্যক্ষ আনোয়ার হোসেন ও নেত্রকোনা-৪ আসনে জলি তালুকদার।

ঢাকা বিভাগ:  টাঙ্গাইল-২ আসনে জাহিদ হোসেন খান, কিশোরগঞ্জ-১ আসনে এনামুল হক, কিশোরগঞ্জ-২ নূরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ এনামুল হক ইদ্রিছ, কিশোরগঞ্জ-৫ অধ্যাপক ফরিদ আহাম্মদ, মুন্সীগঞ্জ-১ সমর দত্ত, মুন্সীগঞ্জ-৩ শ ম কামাল হোসেন, ঢাকা-১ আবিদ হোসেন, ঢাকা-২ সুকান্ত শফী চৌধুরী কমল, ঢাকা-৬ আবু তাহের বকুল, ঢাকা-১৩ আহসান হাবিব লাবলু, ঢাকা-১৪ রিয়াজউদ্দিন, ঢাকা-১৫ ডা. সাজেদুল হক রুবেল, গাজীপুর-২ জিয়াউল কবীর খোকন, গাজীপুর-৪ মানবেন্দ্র দেব, নরসিংদী-৪ কাজী সাজ্জাদ জহির চন্দন, নারায়ণগঞ্জ-১ মোঃ মনিরুজ্জামান চন্দন, নারায়ণগঞ্জ-২ হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আব্দুস সালাম বাবুল, নারায়ণগঞ্জ-৪ ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ-৫ অ্যাড. মন্টু ঘোষ, ফরিদপুর-৩ রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর-৪ আতাউর রহমান কালু, শরীয়তপুর-১ মোদাচ্ছের হোসেন বাবুল (সমর্থিত) এবং শরীয়তপুর-৩ আসনে সুশান্ত ভাওয়াল।

সিলেট বিভাগ:  সুনামগঞ্জ-২–এ নিরঞ্জন দাশ খোকন ও হবিগঞ্জ-৩ আসনে পীযূষ চক্রবর্তী।

চট্টগ্রাম বিভাগ:  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ঈসা খান, ব্রাহ্মণবাড়িয়া-৩ শাহরিয়ার মো. ফিরোজ, ব্রাহ্মণবাড়িয়া-৫ শাহীন খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ অ্যাড. সৈয়দ মোহাম্মদ জামাল, কুমিল্লা-৫ আবদুল্লাহ আল ক্বাফী, নোয়াখালী-৩ মজিবুল হক মজিব, চট্টগ্রাম-৮ সেহাব উদ্দিন সাইফু, চট্টগ্রাম-৯ মৃণাল চৌধুরী এবং চট্টগ্রাম-১৪ আসনে আব্দুল নবী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত