বিপাশা কবির। আইটেম গার্ল হিসেবেই জনপ্রিয় তিনি। এই তারকার শোবিজে আগমন ঘটে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে, ২০০৯ সালে। সেই প্রতিযোগিতায় ১৪তম হয়েছিলেন তিনি। প্রতিযোগিতায় সেরা হতে পারেননি তাতে কি? থেমে যাননি বিপাশা। কাজ করেন বেশকিছু টিভি নাটকে।
২০১২ সালে দেশে আসে প্রথম বাণিজ্যিক ডিজিটাল সিনেমা ‘ভালোবাসার রঙ’। এই সিনেমায় বিপাশার অভিষেক ঘটলো আইটেম গার্ল হিসেবে। তারপর আনুমানিক প্রায় ৫০টির মতো আইটেম গানে পারফর্ম করেছেন তিনি। অাইটেম গান মানেই খোলামেলা পোশাকে হাজির হওয়া। উচ্চবিটের গানের তালে দর্শকের মন মাতানো। সেই কাজটি খুব দক্ষতার সঙ্গেই করেছেন বিপাশা। ফলে এখন বাংলা সিনেমায় আইটেম গানের কথা উঠলেই সবার অাগে বিপাশার মুখটাই ভেসে ওঠে। তবে অাইটেম গানের জমকালো মঞ্চ ছেড়ে বছর তিনেক ধরে হাজির হয়েছেন অভিনেত্রী হিসেবেও। তার নামের পাশে এখন চিত্রনায়িকা তকমা। আইটেম গার্ল নয়, চিত্রনায়িকা তকমাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বিপাশা। মূলত নায়িকা হওয়ার জন্যই এসেছিলেন সিনেমা জগতে। কিন্তু ভাগ্য তাকে ঘুরিয়েছে বহুবার। অবশেষে ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘গুণ্ডামি’ ছবিতে অভিনয় করে প্রথমবারের মতো নায়িকা হিসেবে দর্শকের সামনে হাজির হন তিনি। এ ছবিতে তার নায়ক ছিলেন শাহরিয়াজ। এরপর ‘ক্রাইম রোড’, ও ‘খাস জমিন’ ছবিতেও নায়িকা হিসেবে দেখা যায় বিপাশাকে। ‘খাস জমিন’ ছবিতে বিপাশার নায়ক ছিলেন হালের জনপ্রিয় নায়ক সাইমন সাদিক। ‘গুণ্ডামি’ ও ‘খাসজমিন’ ছবিতে স্বল্পবসন ছেড়ে বিপাশা হাজির হয়েছিলেন ঢিলেঢালা পোশাক পরে। ‘খাস জমিন’ ছবির সালোয়ার কামিজ আর শাড়ি পরা বিপাশাকে দর্শক পাশের বাড়ির মেয়েটির মতোই মনে করেছে।
নাটক, আইটেম গান, সিনেমার পর এবার বিপাশা কবির হাজির হয়েছেন একটি ধারাবাহিকে। মজার ব্যাপার হচ্ছে এই ওয়েব ধারাবাহিকে বিপাশাকে পাওয়া যাবে একদম অচেনারূপে। আইটেম গার্ল বা নায়িকার জমকালো পোশাক ছেড়ে তিনি হাজির হয়েছেন ধর্মীয় আবরণে, হিজাব পরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিপাশার হিজাব পরিহিত সেলফিতে অনেকেই প্রশংসা করেছেন।
ধারাবাহিকটি নিয়ে বিপাশার কাছে জানতে চাইলে বিপাশা বলেন, ‘‘আঘাত’ নামের একটি ওয়েব ধারাবাহিকে কাজ করলাম। অস্ট্রেলিয়ায় এর দৃশ্যধারণ করা হয়েছে। আমাকে এই ধারাবাহিকে একজন ধার্মিক মেয়ের চরিত্রে দেখা যাবে।’
বিপাশা আরও বলেন, ‘আমি ধার্মিক একজন নারী। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। হিজাব পরি। আমার চরিত্রের নাম জুলিয়া। বাবা-মাকে হারিয়ে চাচার বাসায় বড় হই। আমার বাবা-মা মারা যান আফগানিস্তানে ত্রাণ বিতরণ করতে গিয়ে।’
এদিকে আইটেম গানের শর্ট ড্রেস ছেড়ে হিজাব পরিহিত বিপাশাকে দর্শক কিভাবে নেবে জানতে চাইলে বিপাশা বলেন, ‘আমি আশা করি দর্শক ভালোভাবেই নিবে।’
তিনি আরও বলেন, ‘দেখেন আইটেম গানে যখন শর্ট ড্রেস পরেছি সেটা চরিত্রের প্রয়োজনেই পরেছি। এরপর সালোয়ার কামিজ, শাড়ি পরে সিনেমায় অভিনয় করেছি সেটাও কিন্তু চরিত্রের প্রয়োজনে। এখন হিজাব পরে অভিনয় করছি এটাও চরিত্রের প্রয়োজনেই। চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্যই আমি আপ্রাণ চেষ্টা করি। দিনশেষে মানুষ পর্দার সামনের চরিত্রটাকেই দেখে। ফলে চরিত্র যেটা ডিমান্ড করে সেটাই পরি।’
জায়েদ রেজওয়ান পরিচালিত এ ওয়েব ধারাবাহিকটি প্রচারিত হবে শিগগিরই। সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে গড়ে উঠেছে সিরিজটির কাহিনি। অস্ট্রেলিয়ার সোয়াত টিম কাজ করেছে এখানে। গল্পে ভালোবাসা আছে, গান আছে, টুইস্ট আছে। এই ওয়েব ধারাবাহিকে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, ভারতের মডেল-অভিনেতা রণবীর, বাংলাদেশের দীপালী আক্তার তানিয়া ও অন্য দেশের কিছু শিল্পী।
