দেশের গণতন্ত্র রক্ষা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ও খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষের বিজয় ছাড়া বিকল্প নেই। দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ। মানুষ যাতে নির্ভয়ে ধানের শীষে ভোট দিতে পারে এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শুক্রবার সকালে হোসেনপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের বিএনপি প্রার্থী খ্যাতনামা কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামার আগে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।
কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
কনকচাঁপা জানান, নির্বাচনের প্রচারে নামার আগেই আমাকে নানাভাবে ভয় দেখানো ও হুমকি দেওয়া হচ্ছে। দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘ঘরে বসে থাকা যাবে না। সব বাধা অতিক্রম করে ভোটের মাধ্যমে গণতন্ত্রকে বিজয়ী করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’
কাজীপুরের মানুষ নদীভাঙনসহ বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে বেড়ে উঠেছে। একাদশ জাতীয় নির্বাচনেও তারা সব বাধা অতিক্রম করে ধানের শীষকে বিজয়ী করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। এ সময় কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল হাসানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
